সাংবাদিকদের ওপর হামলা-মামলা বন্ধের আহ্বান বাসদের

সংবদ তরঙ্গ ডেস্ক : সাংবাদিকদের ওপর হামলা, মামলা, হুমকি ও হয়রানি বন্ধ করে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ। দলটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ আজ শনিবার এক বিবৃতিতে এ আহ্বান জানান।

গণমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে বাসদ সাধারণ সম্পাদক বলেন, একটি গণমাধ্যমে প্রকাশিত কনটেন্ট-এর কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাংবাদিক রাজেকুজ-জামান জুয়েল এবং ওই গণমাধ্যমকে একটি ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠী কর্তৃক নানাভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। গণমাধ্যমের ওপর আক্রমণ, সাংবাদিকদের হয়রানি এবং মামলা দিয়ে স্বাধীন সাংবাদিকতার কণ্ঠ রোধ করার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

বজলুর রশীদ ফিরোজ বলেন, গত কয়েক দিনে বিভিন্ন ঘটনায় সাংবাদিকদের ওপর হামলা, মামলা, হুমকি ও হয়রানির অভিযোগ সামনে এসেছে।

এসব ঘটনায় সাংবাদিকদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। একই সঙ্গে গণমাধ্যমকর্মীদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশও বাধাগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার রক্ষা করা না গেলে গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়। সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

বিবৃতিতে বাসদ সাধারণ সম্পাদক বলেন, সাংবাদিকরা যাতে কোনো ধরনের ভয়ভীতি বা চাপ ছাড়াই দায়িত্ব পালন করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করতে হবে। পাশাপাশি সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকার রক্ষায় সাংবাদিক সমাজসহ সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *