বিশ্বকাপের মতো আসরে খেলতে চাওয়াটাই  স্বাভাবিক আকাঙ্ক্ষা- শান্ত

সংবাদ তরঙ্গ ডেস্ক: বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি নাজমুল হোসেন শান্তর। তবে দেশের টেস্ট অধিনায়ক ও সিনিয়র ক্রিকেটার হিসেবে ক্রিকেটারদের মনের ভাষা ভালোভাবেই বোঝেন তিনি। বিশ্বকাপের মতো আসরে খেলতে চাওয়াটাই যে ক্রিকেটারদের স্বাভাবিক আকাঙ্ক্ষা, সেটিই স্পষ্ট করেছেন শান্ত।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা। নিরাপত্তা ঝুঁকির কথা জানিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত আইসিসিকে জানিয়েছে বিসিবি। দুই পক্ষের মধ্যে একাধিক দফা বৈঠক হলেও এখনো কোনো সমাধান আসেনি।

বিশ্বকাপ স্কোয়াডের অধিনায়ক লিটন কুমার দাস মঙ্গলবার বিপিএলের ম্যাচ শেষে জানান, ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে বোর্ড তার সঙ্গে কোনো আলোচনা করেনি। একই কথা পরে নিশ্চিত করেন নাজমুল হোসেন শান্তও। তিনিও জানান, এ বিষয়ে বোর্ডের পক্ষ থেকে কোনো আলোচনা হয়নি।

একজন ক্রিকেটার হিসেবে বিশ্বকাপ খেলার আকাঙ্ক্ষার কথা স্পষ্টভাবে তুলে ধরেন শান্ত। তিনি বলেন, “ক্রিকেটার হিসেবে আমরা সবসময় চাই ক্রিকেট খেলতে। আর বিশ্বকাপের মতো ইভেন্ট হলে তো অবশ্যই… কেন নয়? কারণ এই ধরনের ইভেন্ট দুই বছর পর পর আসে। ৫০ ওভারের বিশ্বকাপ চার বছর পর পর আসে। আমার মনে হয়, আমাদের জন্য এটা সুযোগ ওখানে ভালো ক্রিকেট খেলার।”

বিশ্বকাপ খেলা নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, সেটার সমাধান চাইলেও পুরো পরিস্থিতি সম্পর্কে অবগত নন বলে জানান শান্ত। তার ভাষায়, “এখানে অনেক ইস্যু আছে, সেই বিষয়গুলো ব্যক্তিগতভাবে আমি শতভাগ জানি না। আমি বিশ্বাস করি, এই বিষয়গুলো সুন্দরভাবে সমাধান করে যদি সুযোগ হয়, বিশ্বকাপে ক্রিকেটাররা যদি যেতে পারে, অবশ্যই ভালো হবে।”

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর অনুযায়ী, বুধবারের মধ্যেই বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আইসিসির কাছে জানাতে পারে বিসিবি। তবে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ার বিষয়টি অস্বীকার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *