সংবাদ তরঙ্গ ডেস্ক : মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা এবং কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় বিএনপিকে জড়িয়ে প্রকাশিত সংবাদ ও বিভিন্ন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেছেন, ‘এই দুঃখজনক ঘটনায় বিএনপি ক্ষুব্ধ ও বিব্রত। তবে বিএনপি এতে জড়িত নয়। জড়িত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
রবিবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গরু বাজারে মাদকবিরোধী যুব সমাজের উদ্যোগে আয়োজিত সুপারস্টার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমরান সালেহ প্রিন্স বলেন, জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সৃষ্ট জটিলতা থেকে হামলা ও ভাঙচুরের ঘটনাকে কোনো বাছবিচার ছাড়াই ‘বিএনপির চাঁদাবাজি ও দখলবাজি’ হিসেবে পরিকল্পিতভাবে অপপ্রচার করা হচ্ছে। এসব ঘটনার সঙ্গে বিএনপি জড়িত নয়।
তিনি বলেন, সমাজে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিএনপির অঙ্গীকার প্রশ্নাতীত।
অথচ এমন ন্যক্কারজনক ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে বিএনপি ক্ষুব্ধ ও বিব্রত। আইনশৃঙ্খলা রক্ষায় কোনো দুর্বলতা, উদাসীনতা বা দায়িত্বে গাফিলতি থাকলে তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি দুই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দ্রুত আইনগত ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘অপরাধের দায় প্রমাণ ছাড়া বিএনপির ওপর চাপানো যাবে না। তবে বিএনপির নাম ব্যবহার করে কেউ অপরাধ করলে তাকেও ছাড় দেওয়া হবে না।