সংবাদ তরঙ্গ ডেস্ক : ডারবানে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের আগে চোটের কারণে ছিটকে পড়া ক্রিকেটারদের তালিকায় যুক্ত হলেন দক্ষিণ আফ্রিকান ব্যাটার টনি ডি জর্জি। ফিটনেস সমস্যায় জর্জরিত প্রোটিয়া দলের জন্য এটি আরেকটি বড় ধাক্কা। ২৯ বছর বয়সী এই ওপেনার পচেফস্ট্রুমে অনুষ্ঠিত সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে ফিল্ডিং করার সময় ইনজুরিতে পড়েন।
পরে স্ক্যান করার পর তার ইনজুরির তীব্রতার বিষয়টি ধরা পড়ে।
শনিবার (৩ অক্টোবর) ক্রিকেট সাউথ আফ্রিকা এ তথ্য জানিয়েছে। তবে জর্জির বদলে বিকল্প হিসেবে আপাতত আর কোনো খেলোয়াড় না ডাকার সিদ্ধান্ত নিয়েছে। ডি জার্জির এই চোট দলের হ্যামস্ট্রিং-সংক্রান্ত সমস্যাকে আরও প্রকট করে তুলেছে। কারণ এরই মধ্যে দলের পেসার কোয়েনা মাফাকা, ওটনিয়েল বার্টম্যান এবং লুঙ্গি এনগিডি মাঠের বাইরে চলে গেছেন।
তবে দলের প্রধান বোলার কাগিসো রাবাদাকে ঘিরে আশার আলো দেখা যাচ্ছে।
এই পেসার ইনস্টাগ্রামে অনুশীলনের ছবি শেয়ার করেছেন। তাকে প্রাথমিক দলে রাখা হলেও, সোমবার ও মঙ্গলবার দলের অভ্যন্তরীণ ম্যাচের পর প্রথম টেস্টে তার খেলার বিষয়টি বিবেচনা করা হবে।