শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্ক, পদত্যাগপত্র জমা দিলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট

সংবাদ তরঙ্গ ডেস্ক : ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান রাকাবুমিং রাকা পার্লামেন্টের উচ্চকক্ষে পদত্যাগপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দেশটির পার্লামেন্ট ভবনে উচ্চকক্ষের নেতাদের সঙ্গে বৈঠক করে তিনি পদত্যাগপত্র জমা দেন। কয়েক দিন ধরে তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলার পর এ পদক্ষেপ নিলেন তিনি।

পার্লামেন্টের উচ্চকক্ষের স্পিকার আহমাদ মুজানি জানিয়েছেন, প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর কাছেও পদত্যাগপত্র জমা দিয়েছেন জিবরান। তবে পদত্যাগের কারণ সম্পর্কে তিনি কিছু জানাননি। পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করতে পার্লামেন্টের নেতারা বৈঠকে বসবেন।

২০২৪ সালের নির্বাচনে প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন ৩৯ বছর বয়সী জিবরান। তিনি ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট জোকো উইদোদোর ছেলে।

শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কের জেরে জিবরানের ওপর পদত্যাগের চাপ বাড়ছিল। গত মাসে দেশটির সাংবিধানিক আদালত ও সুপ্রিম কোর্টের পৃথক রায়ে বলা হয়, ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার জন্য তার জমা দেওয়া বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানের সনদ নির্বাচনী শর্ত পূরণ করে না। এ নিয়ে তার অভিশংসনের উদ্যোগও শুরু করেন আইনপ্রণেতারা। বুধবার বিভিন্ন রাজনৈতিক দলের ১২০ জন আইনপ্রণেতা তার বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরুর প্রস্তাবে স্বাক্ষর করেন।

রয়টার্স জানিয়েছে, প্রেসিডেন্ট প্রাবোও ও সাবেক প্রেসিডেন্ট জোকোইয়ের মধ্যে রাজনৈতিক দূরত্ব বাড়তে থাকার মধ্যেই জিবরানের পদত্যাগের ঘটনা ঘটল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এতে দেশটির সরকার আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে। সরকারের গুরুত্বপূর্ণ কর্মসূচি ঘিরে বিতর্ক এবং অর্থনীতি সামাল দেওয়ার সক্ষমতা নিয়ে প্রশ্নের মধ্যেই নতুন করে চাপ তৈরি হতে পারে।

ক্রমবর্ধমান রাজনৈতিক অস্থিরতার কারণে দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশ ইন্দোনেশিয়ায় বিনিয়োগকারীদের আস্থা কমেছে। সরকারের আর্থিক পরিকল্পনা ও সামগ্রিক নীতিনির্ধারণী কার্যক্রম কঠোর পর্যালোচনার মুখে পড়েছে। একই সঙ্গে দেশটির শেয়ারবাজারের রেটিং কমে যাওয়ার আশঙ্কাও রয়েছে।

এদিকে জাভা দ্বীপের মধ্যাঞ্চলীয় সোলো শহরে নিজের বাড়ির সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন সাবেক প্রেসিডেন্ট জোকোই। তিনি জানান, প্রেসিডেন্ট প্রাবোওর সরকারকে সমর্থন দিয়ে যাবেন।

জোকোই বলেন, ‘আমরা প্রেসিডেন্ট প্রাবোওর সরকারকে সমর্থন দিয়ে যাব, বিশেষ করে সাধারণ মানুষের কল্যাণে নেওয়া প্রকল্পগুলোতে আমাদের সমর্থন থাকবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *