হিন্দুদের রাজনৈতিক আনুগত্য নয়, প্রয়োজন রাজনৈতিক স্বায়ত্তশাসন

মো. নাসির উদ্দিন :

বাংলাদেশের রাজনীতিতে হিন্দু সম্প্রদায়ের মানুষের অবস্থান নিয়ে একটি অস্বস্তিকর প্রশ্ন দীর্ঘদিন ধরে আলোচিত—হিন্দুরা কি দেশের রাজনীতিতে স্বাধীন রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে পেরেছেন, নাকি তাঁরা প্রধানত বৃহৎ রাজনৈতিক দলগুলোর ভোটব্যাংক, নির্বাচনী সমর্থক এবং রাজনৈতিক আনুগত্যের গণ্ডিতে আটকে রয়েছেন?

প্রশ্নটি শুধু একটি ধর্মীয় সম্প্রদায়ের রাজনৈতিক প্রতিনিধিত্বের নয়; এটি নাগরিক অধিকার, গণতন্ত্র, সমান সুযোগ, রাজনৈতিক মর্যাদা এবং রাষ্ট্রীয় ক্ষমতায় অংশীদারত্বের প্রশ্ন।

বাংলাদেশের হিন্দুরা এ দেশের নাগরিক। মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, প্রশাসন, সাংবাদিকতা ও জাতীয় উন্নয়নে তাঁদের অবদান রয়েছে। অথচ রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রগুলোতে তাঁদের অংশগ্রহণের পরিমাণ, প্রভাব ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে।

একটি জনগোষ্ঠী নিজের স্বতন্ত্র রাজনৈতিক দাবি, নেতৃত্ব ও দর-কষাকষির ক্ষমতা গড়ে তুলতে না পারলে অন্যের রাজনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভরশীল হয়ে পড়তে হয়। এদেশের হিন্দুদের ক্ষেত্রেও তাই হয়েছে এবং তারা রাজনীতির কারাগারে শিকল বেরি পড়ে আছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় এ বন্দি কারাগার থেকে তারা স্বতঃস্ফূর্তভাবে নিজেদের মুক্তি চায় না, আবার চুপিসারে ফাসুর ফুসুর করলেও তা রাষ্ট্রের কানে পৌঁছায় না।

মূল বক্তব্য হলো—হিন্দুদের রাজনৈতিক আনুগত্য নয়, প্রয়োজন রাজনৈতিক স্বায়ত্তশাসন; করুণা নয়, সাংবিধানিক অধিকার; প্রতীকী প্রতিনিধিত্ব নয়, প্রয়োজন সিদ্ধান্ত গ্রহণে কার্যকর অংশগ্রহণ ও ক্ষমতার ন্যায্য অংশীদারত্ব। হিন্দু নাগরিকদের ভোটাধিকার আছে, কিন্তু সেই ভোটের বিনিময়ে রাজনৈতিক দর-কষাকষির ক্ষমতা কতটুকু? তারা কি কেবল নির্বাচনে ভোট দেওয়ার জন্যই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, নাকি রাষ্ট্র পরিচালনা, নীতিনির্ধারণ, সংসদীয় নেতৃত্ব এবং ক্ষমতার বণ্টনেও তাদের সমান ভূমিকা রয়েছে? রাজনৈতিক দলগুলোর প্রতি আনুগত্য প্রকাশের বাইরে নিজেদের স্বার্থ, অধিকার ও দাবি স্বাধীনভাবে তুলে ধরার সক্ষমতা তাদের কতটুকু?

বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের রাজনৈতিক অবস্থানের সবচেয়ে বড় বৈপরীত্য হলো—নির্বাচনে তাঁদের ভোট গুরুত্বপূর্ণ, কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের জায়গায় তাঁদের অংশগ্রহণ তুলনামূলকভাবে সীমিত। দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর নির্বাচনী রাজনীতিতে হিন্দু ভোটারদের গুরুত্ব রয়েছে। বিশেষ করে যেসব নির্বাচনী এলাকায় হিন্দু ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে, সেখানে তাঁদের ভোট নির্বাচনের ফলাফল প্রভাবিত করতে পারে।

কিন্তু প্রশ্ন হচ্ছে, নির্বাচনের আগে তাঁদের ভোট চাওয়া হলেও নির্বাচনের পরে তাঁদের রাজনৈতিক দাবি কতটা গুরুত্ব পায়? কতজন হিন্দু নাগরিক রাজনৈতিক দলের কেন্দ্রীয় নীতিনির্ধারণী পর্যায়ে রয়েছেন? কতজন হিন্দু নেতা দলীয় মনোনয়ন বোর্ডে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন? কতজন হিন্দু সংসদ সদস্য জাতীয় বাজেট, ভূমি, শিক্ষা, নিরাপত্তা ও প্রশাসনিক নীতিনির্ধারণে কার্যকর ভূমিকা রাখতে পারেন? কতজন হিন্দু তরুণ-তরুণী রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতৃত্বে উঠে আসার সুযোগ পাচ্ছেন? কতজন হিন্দু নারী জাতীয় রাজনীতিতে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাচ্ছেন? এসব প্রশ্নের উত্তরই প্রকৃত রাজনৈতিক ক্ষমতায়নের চিত্র তুলে ধরে। একটি সম্প্রদায়ের মানুষ নিয়মিত ভোট দিলেই তাদের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত হয় না। রাজনৈতিক ক্ষমতায়ন তখনই প্রতিষ্ঠিত হয়, যখন তারা ভোট দেওয়ার পাশাপাশি প্রার্থী মনোনয়ন, দলীয় নেতৃত্ব, সংসদীয় প্রতিনিধিত্ব, নীতিনির্ধারণ এবং রাষ্ট্র পরিচালনায় অংশ নিতে পারে।

বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের রাজনৈতিক দুর্বলতার অন্যতম কারণ হিসেবে বড় রাজনৈতিক দলগুলোর প্রতি অতিনির্ভরতার বিষয়টি আলোচনায় আসে। দীর্ঘদিন ধরে হিন্দু ভোটারদের একটি উল্লেখযোগ্য অংশ আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচিত ছিলেন। তবে সব হিন্দু ভোটার একই রাজনৈতিক দলের সমর্থক—এমন ধারণা সঠিক নয়। তাঁদের মধ্যে বিএনপি, জাতীয় পার্টি, বাম রাজনৈতিক দল, অন্যান্য দল এবং স্বতন্ত্র রাজনৈতিক মতাদর্শের সমর্থকও রয়েছেন।

Minority Rights Group-এর ঐতিহাসিক বিশ্লেষণে দেখা যায়, হিন্দু সংসদ সদস্যদের অধিকাংশই আওয়ামী লীগের প্রার্থী ছিলেন।
এই বাস্তবতার কয়েকটি রাজনৈতিক প্রভাবও রয়েছে:
প্রথমত: একটি দলের ওপর অতিরিক্ত নির্ভরতা অন্য রাজনৈতিক দলগুলোতে হিন্দু নেতৃত্বের বিকাশকে বাধাগ্রস্ত করতে পারে।
দ্বিতীয়ত: কোনো রাজনৈতিক দল ক্ষমতায় থাকলে সেই দলের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে সম্প্রদায়ের নিরাপত্তা ও সুযোগ-সুবিধা নির্ধারিত হওয়ার ঝুঁকি তৈরি হয়।
তৃতীয়ত: রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে একটি জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব, নিরাপত্তা ও প্রশাসনিক যোগাযোগ দুর্বল হয়ে পড়তে পারে।
চতুর্থত: স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান না থাকলে বড় দলগুলো হিন্দু ভোটারদের স্থায়ী সমর্থক হিসেবে বিবেচনা করতে পারে, সমান রাজনৈতিক অংশীদার হিসেবে নয়। বাংলাদেশের রাজনীতিতে হিন্দুদের ক্ষেত্রে এই বাস্তবতাই দৃশ্যমান।

এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ উপলব্ধি—কোনো রাজনৈতিক দলের প্রতি সমর্থন অপরাধ নয়; কিন্তু রাজনৈতিক সমর্থনের বিনিময়ে নাগরিক অধিকার বিসর্জন দেওয়া আত্মঘাতী। সচেতন বা অসচেতন যেভাবেই হোক না কেন বাংলাদেশের হিন্দু সম্প্রদায় স্বাধীনতার পর থেকে এই আত্মঘাতী পথই বেছে নিয়েছে এবং এখনও সে পথেই হাঁটছে। এই আত্মঘাতী পথকেই তারা মুক্তির পথ মনে করছেন। বাস্তবতা হচ্ছে এ পথে তাদের মুক্তি হচ্ছে না, হারিয়ে যাচ্ছে।

এবার আসুন বাংলাদেশের রাজনীতিতে হিন্দু নেতৃত্বের সংকট কেন? হিন্দু সম্প্রদায়ের মধ্যে শিক্ষিত, পেশাজীবী, ব্যবসায়ী, আইনজীবী, শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী ও সামাজিক নেতৃত্বের অভাব নেই। কিন্তু তাঁদের একটি অংশ জাতীয় রাজনীতিতে সক্রিয় নেতৃত্বের ভূমিকায় আসতে আগ্রহী হন না। অবশ্য এর পেছনে কয়েকটি কারণ রয়েছে,

নিরাপত্তা ও সামাজিক ঝুঁকি: ধর্মীয় পরিচয়ের কারণে রাজনৈতিক বিরোধ, সামাজিক চাপ কিংবা সাম্প্রদায়িক হামলার আশঙ্কা অনেককে প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পারে।

মনোনয়ন রাজনীতিতে সীমাবদ্ধতা: অনেক ক্ষেত্রে রাজনৈতিক দলের মনোনয়ন নির্ধারণে স্থানীয় জনপ্রিয়তা, অর্থনৈতিক সামর্থ্য, দলীয় আনুগত্য এবং সাংগঠনিক প্রভাব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ফলে যোগ্য সংখ্যালঘু নেতারা প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে পারেন।

নেতৃত্ব তৈরির প্রতিষ্ঠান দুর্বল: হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠন থাকলেও সেগুলো সবসময় রাজনৈতিক নেতৃত্ব তৈরির কার্যকর প্রশিক্ষণকেন্দ্র হিসেবে কাজ করে না।

ব্যক্তিকেন্দ্রিক ও সুবিধাভিত্তিক রাজনীতি: কিছু নেতা ব্যক্তিগত পদ, সুযোগ-সুবিধা কিংবা রাজনৈতিক আশ্রয়কে সম্প্রদায়ের সামগ্রিক অধিকার আদায়ের চেয়ে বেশি গুরুত্ব দিলে বৃহত্তর রাজনৈতিক আন্দোলন দুর্বল হয়ে পড়ে।

শ্রেণি ও পেশাগত বিভাজন: ্শহুরে মধ্যবিত্ত, গ্রামীণ কৃষক, দলিত জনগোষ্ঠী, চা-শ্রমিক, মৎস্যজীবী ও নিম্ন আয়ের মানুষের রাজনৈতিক চাহিদা এক নয়। তাঁদের মধ্যে কার্যকর সমন্বয় না থাকলে অভিন্ন রাজনৈতিক দাবি তৈরি করা কঠিন হয়।
সংবিধান কী বলছে: হিন্দুরা অনুগ্রহপ্রার্থী নন, সমান নাগরিক। বাংলাদেশের সংবিধান ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে নাগরিক অধিকার সীমিত করার সুযোগ দেয় না। অনুচ্ছেদ ২৭: আইনের দৃষ্টিতে সব নাগরিক সমান। অনুচ্ছেদ ২৮: কেবল ধর্ম, বর্ণ, গোষ্ঠী, নারী-পুরুষ বা জন্মস্থানের কারণে রাষ্ট্র বৈষম্য করতে পারবে না। অনুচ্ছেদ ২৯: সরকারি চাকরিতে সুযোগের সমতা নিশ্চিত করে।
অনুচ্ছেদ ৩৯: চিন্তা, বিবেক ও বাক্‌স্বাধীনতা নিশ্চিত করে। অনুচ্ছেদ ৪১: ধর্ম পালন এবং ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনার অধিকার নিশ্চিত করে। সংবিধানের ২৮(৪) অনুচ্ছেদে অনগ্রসর জনগোষ্ঠীর অগ্রগতির জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের সুযোগও রাখা হয়েছে।

এ ছাড়া ২(ক) অনুচ্ছেদে রাষ্ট্রধর্ম ইসলাম থাকার পাশাপাশি হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও অন্যান্য ধর্মের সমান মর্যাদা ও সমান অধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছে। অর্থাৎ হিন্দুদের রাজনৈতিক অধিকার কোনো রাজনৈতিক দলের দয়া, অনুগ্রহ কিংবা নির্বাচনী প্রতিশ্রুতির বিষয় নয়। এটি সাংবিধানিক নাগরিক অধিকার। রাষ্ট্রধর্ম ইসলাম কোথা থেকে কিভাবে আসলো এর রাজনৈতিক প্রেক্ষাপট কি এবং রাজনীতিতে এর সুফল বা কুফল কি তা নিয়ে অন্য আরেকটি লেখায় বিস্তারিত আলোচনা করব আজ নির্ধারিত বিষয়ের উপরে আলোচনা সীমাবদ্ধ রাখতে চাই।

বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের রাজনৈতিক অবস্থার পরিবর্তন করতে হলে শুধু প্রতিবাদ, বিবৃতি কিংবা নির্বাচনের আগে রাজনৈতিক নেতাদের সঙ্গে সাক্ষাৎ যথেষ্ট নয়। প্রয়োজন দীর্ঘমেয়াদি সাংগঠনিক প্রস্তুতি, রাজনৈতিক শিক্ষা, নেতৃত্বের বিকাশ এবং গণতান্ত্রিক দর-কষাকষির সক্ষমতা। এক্ষেত্রে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি -বিএমজেপি’কে তারা কিভাবে দেখবে? কিভাবে দেখছে সেটি একটি বড় প্রশ্ন। সাম্প্রদায়টি অন্যের বড় বড় সুন্দর সুন্দর ঘরবাড়িকে নিজেদের মনে করে ভাড়ায় খাটবে নাকি জীর্ণশীর্ণ ভেন্না গাছের ঘরটিকে নিজেদের আবাসস্থল, আশ্রয়স্থল বানিয়ে বসবাস করবে? নিশ্চয়ই সে সময়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে।

তবে অবশ্যই এ সাম্প্রদায়টিকে ভোটব্যাংক থেকে রাজনৈতিক অংশীদার হতে হবে। কোনো রাজনৈতিক দলকে অন্ধভাবে সমর্থন করার পরিবর্তে প্রত্যেক নাগরিককে প্রার্থীর যোগ্যতা, রাজনৈতিক কর্মসূচি, সংখ্যালঘু অধিকার, নিরাপত্তা ও উন্নয়ন পরিকল্পনা বিবেচনা করে ভোট দিতে হবে। কোনো দল হিন্দুদের ভোট চাইলে তাদের কাছে প্রশ্ন রাখতে হবে, সংখ্যালঘু নিরাপত্তা নিশ্চিত করতে কী পরিকল্পনা রয়েছে?
ভূমি দখল ও সম্পত্তি সংক্রান্ত বিরোধের সমাধানে কী উদ্যোগ নেওয়া হবে? রাজনৈতিক ও প্রশাসনিক নিয়োগে সমান সুযোগ কীভাবে নিশ্চিত হবে? জাতীয় সংসদ ও স্থানীয় সরকারে যোগ্য হিন্দু প্রতিনিধিত্ব কীভাবে বাড়ানো হবে? ভোট হবে রাজনৈতিক কর্মসূচি ও জবাবদিহির ভিত্তিতে, ধর্মীয় আবেগ কিংবা ব্যক্তিগত আনুগত্যের ভিত্তিতে নয়।

এছাড়াও সব রাজনৈতিক দলে হিন্দু নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। হিন্দুদের কেবল একটি রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, বাম দল, অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মে যোগ্য হিন্দু নেতৃত্বের বিকাশ ঘটাতে হবে। তবে লক্ষ্য হবে শুধু সদস্যসংখ্যা বাড়ানো নয়। প্রয়োজন: কেন্দ্রীয় কমিটিতে প্রতিনিধিত্ব; জেলা ও উপজেলা পর্যায়ে নেতৃত্ব; নির্বাচন পরিচালনা ও নীতিনির্ধারণী কমিটিতে অংশগ্রহণ; জাতীয় সংসদ নির্বাচনে যোগ্য প্রার্থী মনোনয়ন; স্থানীয় সরকারে চেয়ারম্যান, মেয়র ও কাউন্সিলর পদে অংশগ্রহণ।

একটি সর্বদলীয় নাগরিক অধিকার প্ল্যাটফর্ম গড়ে তুলতে হবে। হিন্দুদের অধিকার আদায়ের জন্য দলনিরপেক্ষ একটি শক্তিশালী নাগরিক প্ল্যাটফর্ম প্রয়োজন। এই প্ল্যাটফর্ম কোনো রাজনৈতিক দলের বিকল্প হওয়ার প্রয়োজন নেই। বরং এর কাজ হবে সব দলের কাছে নাগরিক অধিকার ও রাজনৈতিক প্রতিনিধিত্বের দাবি তুলে ধরা।এতে থাকতে পারেন:
রাজনৈতিক দলের হিন্দু নেতারা; আইনজীবী ও মানবাধিকারকর্মী; সাংবাদিক ও শিক্ষক; তরুণ রাজনৈতিক সংগঠক; নারী নেতৃত্ব; কৃষক, শ্রমিক ও পেশাজীবী প্রতিনিধি।

অবশ্যই তরুণ প্রজন্মকে রাজনীতিতে আনতে হবে। হিন্দু তরুণদের রাজনীতির প্রতি অনীহা দূর করতে হবে। বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্থানীয় পর্যায়ে গণতান্ত্রিক নেতৃত্ব, সংবিধান, মানবাধিকার, নির্বাচনব্যবস্থা এবং নীতিনির্ধারণ বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে। মনে রাখতে হবে রাজনীতি শুধু সংসদ সদস্য হওয়ার পথ নয়; এটি সমাজ পরিবর্তন ও রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণের মাধ্যম।

হিন্দু নারীদেরও রাজনৈতিক নেতৃত্বে আনতে হবে।
নারীদের শুধু ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের অংশগ্রহণকারী হিসেবে দেখলে চলবে না। তাঁদের রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের জায়গায় আনতে হবে। নারী প্রার্থী, নারী সংগঠক, স্থানীয় জনপ্রতিনিধি এবং জাতীয় পর্যায়ের নীতিনির্ধারক হিসেবে তাঁদের বিকাশ ঘটানো জরুরি।

এছাড়া রাজনৈতিক অধিকার আদায়ে তথ্য ও গবেষণার ভিত্তি তৈরি করতে হবে। হিন্দু সম্প্রদায়ের রাজনৈতিক ক্ষমতায়নের প্রকৃত চিত্র জানতে একটি নির্ভরযোগ্য তথ্যভান্ডার গড়ে তোলা প্রয়োজন।৷ সেখানে থাকবে, স্বাধীনতার পর প্রতিটি নির্বাচনে হিন্দু সংসদ সদস্যের সংখ্যা; দলভিত্তিক প্রার্থীর সংখ্যা ও নির্বাচনী ফলাফল;
মন্ত্রিসভায় হিন্দু মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সংখ্যা; স্থানীয় সরকারে নির্বাচিত জনপ্রতিনিধির সংখ্যা; রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় কমিটিতে প্রতিনিধিত্ব; নারী ও তরুণ নেতৃত্বের পরিসংখ্যান।
তথ্যভিত্তিক গবেষণা ছাড়া রাজনৈতিক বৈষম্য কিংবা অগ্রগতির প্রকৃত চিত্র নিরূপণ করা কঠিন।

রাজনৈতিক দলগুলোর কাছে হিন্দুদের কী দাবি থাকা উচিত? হিন্দু সম্প্রদায়ের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় শুধু নিজেদের করণীয় নির্ধারণ করলেই হবে না; দেশের সব রাজনৈতিক দলের কাছেও সুনির্দিষ্ট দাবি তুলতে হবে। একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলকে ধর্মীয় পরিচয়ের কারণে কাউকে প্রার্থী করা থেকে বিরত রাখা উচিত নয়। যোগ্যতা, জনসমর্থন, সাংগঠনিক দক্ষতা ও রাজনৈতিক অভিজ্ঞতার ভিত্তিতে মনোনয়ন দিতে হবে। এ ক্ষেত্রে কয়েকটি দাবি সামনে আনা যেতে পারে: জাতীয় সংসদে জনসংখ্যার অনুপাত ও ন্যায্যতার ভিত্তিতে সংখ্যালঘু প্রতিনিধিত্ব বাড়ানোর উদ্যোগ।
রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় কমিটিতে সংখ্যালঘুদের কার্যকর অংশগ্রহণ। সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা ও নাগরিক অধিকারবিষয়ক পৃথক নীতিমালা। ধর্মীয় পরিচয়ের কারণে রাজনৈতিক, প্রশাসনিক কিংবা অর্থনৈতিক বৈষম্যের অভিযোগ তদন্তে কার্যকর ব্যবস্থা। ধর্মীয় উপাসনালয়, সম্পত্তি ও জীবন-জীবিকার নিরাপত্তা নিশ্চিত করা।
সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় দ্রুত বিচার এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন। যোগ্য সংখ্যালঘু নাগরিকদের রাষ্ট্রীয় নীতিনির্ধারণী পর্যায়ে দায়িত্ব দেওয়ার সুযোগ সৃষ্টি।
এসব দাবি কোনো বিশেষ সুবিধা চাওয়া নয়। এগুলো সমান নাগরিকত্বের বাস্তবায়ন।

সংখ্যালঘুদের রাজনৈতিক ক্ষমতায়নে আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগাতে হবে।
বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক দেশে সংখ্যালঘু জনগোষ্ঠীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে বিভিন্ন ব্যবস্থা রয়েছে।

ভারতে দলিত ও তফসিলি উপজাতির জন্য সংসদ ও রাজ্য বিধানসভায় সংরক্ষিত আসন রয়েছে। নিউজিল্যান্ডে মাওরি জনগোষ্ঠীর জন্য পৃথক নির্বাচনী প্রতিনিধিত্বের ব্যবস্থা রয়েছে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকায় বর্ণবৈষম্য-পরবর্তী রাজনৈতিক অন্তর্ভুক্তি ও প্রতিনিধিত্বের নীতিকে গুরুত্ব দেওয়া হয়েছে।

এসব দেশের অভিজ্ঞতা থেকে বাংলাদেশের জন্য একটি শিক্ষা রয়েছে: শুধু ভোটাধিকার থাকলেই রাজনৈতিক অন্তর্ভুক্তি নিশ্চিত হয় না; রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোতেও প্রতিনিধিত্বের সুযোগ তৈরি করতে হয়। তবে বাংলাদেশের বাস্তবতা ও সাংবিধানিক কাঠামো বিবেচনায় নিয়ে উপযুক্ত পদ্ধতি নির্ধারণ করতে হবে।

এখানে একটি বিষয় পরিষ্কার করা প্রয়োজন। হিন্দুদের রাজনৈতিক অধিকার সচেতনতা মানে মুসলিম জনগোষ্ঠীর সঙ্গে রাজনৈতিক বিভাজন সৃষ্টি করা নয়। কিংবা ধর্মভিত্তিক বৈরিতা তৈরি করাও নয়। বাংলাদেশের মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও অন্যান্য জনগোষ্ঠীর সম্মিলিত অংশগ্রহণেই রাষ্ট্রের গণতান্ত্রিক ভিত্তি শক্তিশালী হতে পারে। হিন্দুদেরও বুঝতে হবে, শুধু হিন্দু পরিচয়ের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করলেই ভালো নেতৃত্ব প্রতিষ্ঠিত হয় না। একজন প্রার্থীকে হতে হবে সৎ, যোগ্য, জনসম্পৃক্ত, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক। একইভাবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দলগুলোকেও বুঝতে হবে, সংখ্যালঘুদের কেবল ভোটার হিসেবে বিবেচনা করে গণতন্ত্রের পূর্ণতা অর্জন সম্ভব নয়।

সবচেয়ে বড় পরিবর্তনটি আসতে হবে রাজনৈতিক মানসিকতায়। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের একটি অংশের মধ্যে দীর্ঘদিন ধরে এমন একটি রাজনৈতিক মানসিকতা কাজ করেছে যে, ক্ষমতাসীন রাজনৈতিক দলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাই নিরাপত্তা ও স্বার্থ রক্ষার প্রধান উপায়। কিন্তু এই ধারণা দীর্ঘমেয়াদে কার্যকর রাজনৈতিক নিরাপত্তা দিতে পারে না।
কারণ ক্ষমতা পরিবর্তিত হয়, সরকার পরিবর্তিত হয়, রাজনৈতিক সমীকরণ পরিবর্তিত হয়। কিন্তু নাগরিক অধিকার পরিবর্তন হওয়ার কথা নয়।

কোনো রাজনৈতিক দলের ক্ষমতায় থাকা কিংবা না থাকার ওপর যদি একটি জনগোষ্ঠীর নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নির্ভর করে, তাহলে সেটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্রের পরিচয় বহন করে না। হিন্দুদের উপলব্ধি করতে হবে, তাঁদের ভবিষ্যৎ কোনো একটি রাজনৈতিক দলের হাতে ছেড়ে দেওয়া যায় না। তাঁদের ভবিষ্যৎ নির্ভর করবে নিজেদের শিক্ষা, অর্থনৈতিক সক্ষমতা, সাংগঠনিক শক্তি, রাজনৈতিক নেতৃত্ব এবং সাংবিধানিক অধিকার সম্পর্কে সচেতনতার ওপর।
একই সঙ্গে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর রাজনৈতিক নেতৃত্বকেও সংখ্যালঘুদের সমান অংশীদার হিসেবে গ্রহণ করতে হবে।

পরিশেষে বলতে হবে, হিন্দুরা কারও রাজনৈতিক অনুগ্রহপ্রার্থী নন।বাংলাদেশের রাজনীতিতে হিন্দু সম্প্রদায়ের মানুষের অবস্থান নিয়ে আত্মসমালোচনার সময় এসেছে। তাঁরা কি কেবল নির্বাচনের সময় প্রয়োজনীয় ভোটার হয়ে থাকবেন, নাকি রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করবেন—এই সিদ্ধান্ত নেওয়ার সময় এখনই।

হিন্দুদের রাজনৈতিক দুর্বলতার জন্য শুধু বড় রাজনৈতিক দলগুলোকে দায়ী করলে চলবে না। নিজেদের রাজনৈতিক অনাগ্রহ, দলীয় অন্ধ আনুগত্য, নেতৃত্বের সংকট, সাংগঠনিক দুর্বলতা এবং ব্যক্তিস্বার্থকেন্দ্রিক রাজনীতির বিষয়েও আত্মসমালোচনা প্রয়োজন। তবে এই আত্মসমালোচনা যেন কখনো বৈষম্য, নিরাপত্তাহীনতা কিংবা রাজনৈতিক বঞ্চনার দায় ভুক্তভোগীদের ওপর চাপিয়ে দেওয়ার অজুহাত না হয়। সমান অধিকার নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্র ও রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোরও।

বাংলাদেশের হিন্দুরা কোনো রাজনৈতিক দলের দয়ার পাত্র নন। তাঁরা ভোটের বিনিময়ে নিরাপত্তা কেনার মানুষ নন। তাঁরা রাষ্ট্রের সমান নাগরিক এবং রাজনৈতিক ক্ষমতার বৈধ অংশীদার। তাঁদের দাবি হওয়া উচিত—রাজনীতিতে সমান অধিকার, নির্বাচনে ন্যায্য প্রতিনিধিত্ব, প্রশাসনে সমান সুযোগ, রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ এবং আইনের সমান সুরক্ষা। হিন্দুদের আর শুধু ভোট দিয়ে রাজনৈতিক আনুগত্য প্রমাণ করার রাজনীতিতে সীমাবদ্ধ থাকলে চলবে না। তাঁদের ভোটের পাশাপাশি নেতৃত্ব দিতে হবে, সিদ্ধান্ত নিতে হবে, নীতি প্রণয়ন করতে হবে এবং রাষ্ট্র পরিচালনায় অংশ নিতে হবে।

মনে রাখতে হবে; ভোট দেওয়া নাগরিকের অধিকার, নেতৃত্ব দেওয়া নাগরিকের যোগ্যতার বিষয়, আর রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করা নাগরিকের সাংবিধানিক অধিকার। বাংলাদেশের হিন্দুদের রাজনৈতিক ভবিষ্যৎ তাই অনুগ্রহের ওপর নয়, অধিকার সচেতনতা, ঐক্য, যোগ্য নেতৃত্ব ও গণতান্ত্রিক রাজনৈতিক অংশগ্রহণের ওপর প্রতিষ্ঠিত হওয়া উচিত।

লেখক: সাংবাদিক ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি – বিএমজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *