মো. নাসির উদ্দিন
বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তনের প্রশ্নটি এখন কেবল একজন সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক ভবিষ্যৎ কিংবা একটি দলের ক্ষমতায় ফেরার আকাঙ্ক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো, সংবিধানের কার্যকারিতা, নাগরিকের রাজনৈতিক অধিকার, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা এবং গণতন্ত্রের ভবিষ্যৎ।
শেখ হাসিনার প্রত্যাবর্তন হওয়া উচিত কি না—এই প্রশ্নের উত্তর কোনো রাজনৈতিক দল, অন্তর্বর্তী বা নির্বাচিত সরকার, কিংবা কোনো বিশেষ গোষ্ঠীর একক সিদ্ধান্তে নির্ধারিত হতে পারে না। একইভাবে তাঁর প্রত্যাবর্তনের বিরোধিতাও যদি রাজনৈতিক প্রতিহিংসা, ব্যক্তিগত বিদ্বেষ অথবা বিচারবহির্ভূত কোনো ব্যবস্থার ওপর নির্ভর করে, তাহলে তা গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক চেতনার সঙ্গে সাংঘর্ষিক হবে।
একটি সভ্য ও সাংবিধানিক রাষ্ট্রে রাজনৈতিক নেতৃত্বের উত্থান-পতন নির্ধারিত হয় জনগণের মতামত, আইনের শাসন এবং গ্রহণযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়ায়। অতএব, শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে বিতর্কের চূড়ান্ত নিষ্পত্তিও হতে হবে জনগণের রাজনৈতিক অধিকার, সংবিধান, স্বাধীন বিচারব্যবস্থা এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ভিত্তিতে।
এই বিতর্কে কোনো ব্যক্তিকে আইনের ঊর্ধ্বে রাখা যাবে না, আবার কোনো ব্যক্তিকে রাজনৈতিক পরিচয়ের কারণে আইনের সুরক্ষা থেকেও বঞ্চিত করা যাবে না।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়টি নানাভাবে আলোচনার দাবী রাখে। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন একটি গুরুত্বপূর্ণ বাঁক তৈরি করে। দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ, নির্বাচনব্যবস্থা নিয়ে বিতর্ক, মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার পরিস্থিতি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষতা নিয়ে জমে থাকা অসন্তোষের মধ্যে আন্দোলনটি ব্যাপক গণ-অভ্যুত্থানে রূপ নেয়। ৫ আগস্ট ২০২৪ শেখ হাসিনা সরকারের পতন ঘটে এবং তিনি দেশত্যাগ করেন।
এই ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতার কাঠামোয় বড় পরিবর্তন আসে। পরবর্তী সময়ে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। রাষ্ট্র সংস্কার, নির্বাচনব্যবস্থার পরিবর্তন, বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনিক জবাবদিহি এবং মানবাধিকার সুরক্ষার বিষয়ে নতুন করে আলোচনা শুরু হয়।
এরপর ১২ ফেব্রুয়ারি ২০২৬ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের ২২ অক্টোবর ২০২৬ হালনাগাদ করা বাংলাদেশবিষয়ক রাজনৈতিক পরিস্থিতির প্রতিবেদনে নির্বাচনটিকে সাধারণভাবে গণতান্ত্রিক, অবাধ ও স্বচ্ছ হিসেবে বিবেচিত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং ১৭ ফেব্রুয়ারি তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। জামায়াতে ইসলামী বিরোধী দলের অবস্থানে যায়। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারেনি এবং দলটির কার্যক্রম নিষিদ্ধ অবস্থায় রয়েছে।
এই রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশের সামনে প্রধান চ্যালেঞ্জ হচ্ছে—নতুন ক্ষমতাসীন সরকার কীভাবে রাজনৈতিক প্রতিহিংসার পরিবর্তে আইনের শাসন, প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা এবং নাগরিকের সমান অধিকার নিশ্চিত করবে।
কারণ, গণতন্ত্রের সাফল্য শুধু সরকার পরিবর্তনের মধ্যে নিহিত নয়; বরং ক্ষমতার পরিবর্তনের পরও বিরোধী মত, রাজনৈতিক সংখ্যালঘু এবং ভিন্নমতাবলম্বীদের অধিকার কতটা সুরক্ষিত থাকে, তার ওপরই গণতন্ত্রের প্রকৃত শক্তি নির্ভর করে।
শেখ হাসিনার প্রত্যাবর্তন; সাম্প্রতিক ঘটনাপ্রবাহ ও আইনি বাস্তবতা: শেখ হাসিনার দেশে ফেরার প্রশ্নটি ২০২৬ সালের শেষ দিকে নতুন মাত্রা পেয়েছে। ২০২৬ সালের ১০ জুলাই রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছিলেন, তিনি ডিসেম্বরের দিকে দেশে ফিরতে চান এবং আদালতে আত্মসমর্পণ করতে প্রস্তুত। তাঁর বক্তব্য অনুযায়ী, তিনি দেশে ফিরে রাজনৈতিক ও আইনি পরিস্থিতির মুখোমুখি হতে চান। ৯ নভেম্বর ২০২৬ রয়টার্সের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা ভারতে বাংলাদেশের কূটনৈতিক মিশনের কাছে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন করেছিলেন। তাঁর আইনজীবীদের বক্তব্য ছিল, বাংলাদেশের নাগরিক হিসেবে এসব নথি পাওয়ার অধিকার তাঁর রয়েছে। তবে বাংলাদেশ সরকার আবেদনটি প্রত্যাখ্যান করে।
১০ নভেম্বর রয়টার্সের আরেকটি বিশ্লেষণে বলা হয়, তাঁর সম্ভাব্য প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বাংলাদেশে নতুন রাজনৈতিক উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। একদিকে আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে প্রত্যাবর্তনের প্রত্যাশা, অন্যদিকে ২০২৪ সালের আন্দোলনে প্রাণহানি ও দমন-পীড়নের অভিযোগে বিচার এবং রাজনৈতিক জবাবদিহির দাবি—এই দুই বিপরীত অবস্থান পরিস্থিতিকে জটিল করে তুলেছে।
এখানে তিনটি বিষয় আলাদা করে বিবেচনা করা জরুরি:
এক:দেশে প্রবেশের অধিকার: একজন বাংলাদেশি নাগরিকের দেশে ফেরার অধিকার এবং তাঁর বিরুদ্ধে থাকা ফৌজদারি মামলার বিচার—দুটি পৃথক আইনি বিষয়।
দুই: বিচারের মুখোমুখি হওয়ার অধিকার: কোনো ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকলে তাঁকে আইনি প্রক্রিয়ায় বিচারের মুখোমুখি করা যেতে পারে; কিন্তু আত্মপক্ষ সমর্থনের অধিকার অস্বীকার করা যায় না।
তিন: রাজনৈতিক অধিকার: দেশে ফিরে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা, দলীয় নেতৃত্ব দেওয়া কিংবা নির্বাচনে অংশ নেওয়ার অধিকার স্বয়ংক্রিয়ভাবে নিশ্চিত হয় না। এসব নির্ভর করবে প্রচলিত আইন, আদালতের আদেশ এবং সংশ্লিষ্ট সাংবিধানিক বিধানের ওপর।
অতএব, দেশে ফেরার অধিকার এবং রাজনৈতিক ক্ষমতায় ফিরে আসার অধিকারকে একই বিষয় হিসেবে দেখা ঠিক হবে না।
বিচারাধীন অভিযোগ, মৃত্যুদণ্ড ও স্বাধীন বিচারব্যবস্থার প্রশ্ন; শেখ হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল দিক হচ্ছে তাঁর বিরুদ্ধে চলমান ও নিষ্পন্ন বিচারিক কার্যক্রম।
২০২৪ সালের আন্দোলন দমনের সময় সংঘটিত হত্যাকাণ্ড, মানবাধিকার লঙ্ঘন এবং রাষ্ট্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক অনুসন্ধানে ২০২৪ সালের আন্দোলন ঘিরে প্রায় ১,৪০০ মানুষের মৃত্যুর সম্ভাবনার কথা উঠে এসেছে। এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে তাঁর অনুপস্থিতিতে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড দেয়। শেখ হাসিনা অভিযোগ অস্বীকার করেছেন এবং বিচারপ্রক্রিয়ার বৈধতা নিয়ে আপত্তি জানিয়েছেন।
এখানে রাষ্ট্রের সামনে দুটি সমান গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। প্রথমত, ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করা। যাঁরা প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন, নিখোঁজ হয়েছেন কিংবা নির্যাতনের শিকার হয়েছেন, তাঁদের পরিবার ও স্বজনদের ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে। রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের কারণে এসব অভিযোগ চাপা পড়ে যেতে পারে না। অপরাধের সঙ্গে যাঁদের সম্পৃক্ততার বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে, তাঁদের পরিচয় বা রাজনৈতিক অবস্থান বিবেচনা না করে বিচার করতে হবে।
দ্বিতীয়ত, অভিযুক্তের ন্যায়বিচারের অধিকার নিশ্চিত করা। আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুযায়ী প্রত্যেক অভিযুক্ত ব্যক্তির জন্য প্রয়োজন:
নিরপেক্ষ ও স্বাধীন আদালত, অভিযোগ সম্পর্কে যথাযথভাবে অবহিত হওয়ার সুযোগ, নিজের পক্ষে আইনজীবী নিয়োগের অধিকার, সাক্ষ্য-প্রমাণ যাচাই ও জেরা করার সুযোগ,
আত্মপক্ষ সমর্থনের কার্যকর সুযোগ,বিচারিক সিদ্ধান্তের বিরুদ্ধে প্রযোজ্য আইনি প্রতিকার পাওয়ার সুযোগ, নির্যাতন, জবরদস্তি ও রাজনৈতিক চাপমুক্ত বিচারপ্রক্রিয়া।
এখানে একটি গুরুত্বপূর্ণ নীতিগত প্রশ্ন রয়েছে: কোনো আদালতের রায়কে রাজনৈতিকভাবে গ্রহণ বা প্রত্যাখ্যান না করে সেটির আইনগত ভিত্তি, বিচারিক প্রক্রিয়া, সাক্ষ্য-প্রমাণ এবং প্রযোজ্য আপিল বা পুনর্বিবেচনার সুযোগের আলোকে মূল্যায়ন করতে হবে। মৃত্যুদণ্ডের মতো অপরিবর্তনীয় শাস্তির ক্ষেত্রে বিচারিক সতর্কতা, প্রমাণের মান এবং আত্মপক্ষ সমর্থনের কার্যকর সুযোগ বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের বিচার যেমন বাধাগ্রস্ত করা উচিত নয়, তেমনি তাঁর বিচার যেন রাজনৈতিক প্রতিশোধের প্রতীক হয়ে না ওঠে, সেটিও নিশ্চিত করতে হবে।
সংবিধান কী বলে ; নাগরিকের অধিকার ও রাষ্ট্রের দায়িত্ব: শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে বিতর্ক নিষ্পত্তির ক্ষেত্রে বাংলাদেশের সংবিধানই হতে পারে প্রধান নীতিগত ভিত্তি।
বাংলাদেশের সংবিধানে নাগরিকের মৌলিক অধিকার, আইনের দৃষ্টিতে সমতা, আইনের আশ্রয়, ব্যক্তিস্বাধীনতা, ন্যায়বিচার, রাজনৈতিক সংগঠন এবং মতপ্রকাশের স্বাধীনতার স্বীকৃতি রয়েছে।
বিশেষ করে কয়েকটি অনুচ্ছেদ এ বিতর্কে বিশেষভাবে প্রাসঙ্গিক। অনুচৃছেদ-২৭,আইনের দৃষ্টিতে সমতা; রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সমান আইনি সুরক্ষা। অনুচ্ছেদ-৩১, আইনের আশ্রয় লাভের অধিকার; প্রত্যেকের আইনগত সুরক্ষা নিশ্চিত করা। অনুচৃছেদ ৩২, জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার; আইনসম্মত প্রক্রিয়া ছাড়া স্বাধীনতা হরণ না করা।অনুচৃছেদ- ৩৫ বিচার ও দণ্ড সম্পর্কে সুরক্ষা; ন্যায়সংগত বিচার ও আত্মপক্ষ সমর্থন। অনুচৃছেদ ৩৭; সমাবেশের স্বাধীনতা; শান্তিপূর্ণ রাজনৈতিক সমাবেশের অধিকার। অনুচৃছেদ- ৩৮ ; সংগঠনের স্বাধীনতা; আইনসাপেক্ষে রাজনৈতিক সংগঠন গঠনের অধিকার। অনুচৃছেদ- ৩৯ ; চিন্তা, বিবেক ও বাক্স্বাধীনতা; রাজনৈতিক মতপ্রকাশের অধিকার ।
তবে এসব অধিকার নিরঙ্কুশ নয়। সংবিধান ও প্রচলিত আইন নির্দিষ্ট ক্ষেত্রে যুক্তিসংগত বিধিনিষেধের সুযোগ দেয়। কোনো রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ থাকলে সেই আদেশের বৈধতা, পরিধি ও কার্যকারিতা বিচারিকভাবে পরীক্ষা করার সুযোগও থাকতে হবে।
এখানে একটি মৌলিক প্রশ্ন সামনে আসে: একজন সাবেক প্রধানমন্ত্রী বা রাজনৈতিক দলের নেতা কি সাধারণ নাগরিকের চেয়ে বেশি অধিকার পাবেন, নাকি কম? সাংবিধানিক রাষ্ট্রের উত্তর হওয়া উচিত—কেউ আইনের ঊর্ধ্বে নন, আবার কেউ রাজনৈতিক পরিচয়ের কারণে আইনের সুরক্ষা থেকেও বঞ্চিত নন। শেখ হাসিনার ক্ষেত্রেও একই নীতি প্রযোজ্য হওয়া প্রয়োজন।
আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ ও সমর্থকদের অধিকার; শেখ হাসিনার প্রত্যাবর্তনের প্রশ্নটি আওয়ামী লীগের ভবিষ্যৎ থেকে বিচ্ছিন্ন নয়। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ একটি দীর্ঘ ঐতিহাসিক ধারার দল। মুক্তিযুদ্ধ, স্বাধীনতা-পরবর্তী রাষ্ট্র গঠন, সামরিক শাসনবিরোধী আন্দোলন এবং বিভিন্ন রাজনৈতিক পর্যায়ে দলটির ভূমিকা রয়েছে।
অন্যদিকে, দলটির দীর্ঘ শাসনামলে নির্বাচনব্যবস্থা, বিরোধী দলের ওপর দমন-পীড়ন, গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার গুরুত্বপূর্ণ অংশ। এ কারণে আওয়ামী লীগের অতীত ভূমিকা নিয়ে আলোচনা করতে হলে ইতিহাসের ইতিবাচক ও নেতিবাচক উভয় দিকই বিবেচনা করতে হবে। তবে একটি দলের নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগের দায় স্বয়ংক্রিয়ভাবে দলের প্রত্যেক সদস্য, সমর্থক কিংবা ভোটারের ওপর চাপিয়ে দেওয়া ন্যায়সংগত নয়।
এখানে তিনটি বিষয় পৃথকভাবে দেখতে হবে:
কোনো নেতার ব্যক্তিগত অপরাধের দায় ব্যক্তিকেন্দ্রিকভাবে নির্ধারণ করতে হবে। দলীয় পর্যায়ে সংঘটিত অপরাধের ক্ষেত্রে প্রমাণের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তি ও সাংগঠনিক দায় নির্ধারণ করতে হবে। সাধারণ সমর্থক ও ভোটারদের শান্তিপূর্ণ রাজনৈতিক মতপ্রকাশের অধিকার রক্ষা করতে হবে।
একটি গণতান্ত্রিক ব্যবস্থায় আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে সমর্থন করা কিংবা শেখ হাসিনার প্রত্যাবর্তনের পক্ষে মত দেওয়া নিজে কোনো অপরাধ হতে পারে না। একইভাবে তাঁদের বিরোধিতা করাও নাগরিকের রাজনৈতিক অধিকার। সরকারের দায়িত্ব হবে উভয় পক্ষের শান্তিপূর্ণ রাজনৈতিক অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা—প্রযোজ্য আইন ও আদালতের নির্দেশনার সীমার মধ্যে।
রাজনৈতিক প্রতিহিংসা নয়, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে; বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ক্ষমতার পালাবদলের পর প্রতিপক্ষকে দমন করার প্রবণতা নতুন নয়। এক সরকারের আমলে বিরোধী দলের নেতাকর্মীরা মামলা, গ্রেপ্তার ও হয়রানির অভিযোগ তুলেছেন; অন্য সরকারের আমলে ক্ষমতাচ্যুত দলের নেতাকর্মীরা একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছেন।
এই রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসা এখন সময়ের দাবি। শেখ হাসিনার শাসনামলে যাঁরা রাজনৈতিক মামলার শিকার হয়েছেন, তাঁদের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। একইভাবে ২০২৪ সালের আন্দোলন দমনে যাঁদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ রয়েছে, তাঁদেরও আইনের আওতায় আনতে হবে।
কিন্তু বিচারব্যবস্থাকে রাজনৈতিক প্রতিপক্ষ নির্মূলের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হলে রাষ্ট্রের প্রতি জনগণের আস্থা আরও দুর্বল হবে।
২০২৬ সালের ১৬ মার্চ হিউম্যান রাইটস ওয়াচসহ কয়েকটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন বাংলাদেশের নতুন সরকারের প্রতি মানবাধিকার সুরক্ষা, নির্বিচার আটক বন্ধ, অতীতের অপরাধের জবাবদিহি এবং স্বাধীন প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান জানায়। সংস্থাগুলো অন্তর্বর্তী সরকারের সময়ও রাজনৈতিক প্রতিপক্ষের নির্বিচার আটকের অভিযোগ এবং সাংবাদিক ও সংখ্যালঘুদের ওপর জনতার সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল।
এ থেকে স্পষ্ট, বাংলাদেশের মানবাধিকার ও গণতন্ত্রের সংকট কোনো একটি রাজনৈতিক পক্ষের মধ্যে সীমাবদ্ধ নয়। ন্যায়বিচারের মূলনীতি হওয়া উচিত—অপরাধের বিচার হবে, রাজনৈতিক পরিচয়ের বিচার নয়।
স্বাধীন বিচারব্যবস্থা; চূড়ান্ত নিষ্পত্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত। শেখ হাসিনার প্রত্যাবর্তন বিতর্কে বিচার বিভাগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
যদি বিচার বিভাগ সরকারের প্রভাবমুক্তভাবে কাজ করতে না পারে, তাহলে কোনো রাজনৈতিক পক্ষই আদালতের সিদ্ধান্তকে নিরপেক্ষ বলে গ্রহণ করতে পারবে না।
একটি স্বাধীন বিচারব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কয়েকটি বিষয় অপরিহার্য: বিচারপতি নিয়োগে স্বচ্ছতা; বিচারপতি নিয়োগ, পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্তে পেশাগত যোগ্যতা, সততা এবং স্বাধীনতার নিশ্চয়তা থাকতে হবে।
বিচার বিভাগের ওপর নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত পরিবেশ; কোনো মন্ত্রী, রাজনৈতিক নেতা কিংবা সরকারি কর্মকর্তা বিচারিক সিদ্ধান্তে প্রভাব বিস্তারের চেষ্টা করতে পারবেন না।
উচ্চ আদালতের কার্যকর ভূমিকা; সংবিধান ও আইনের সঙ্গে সাংঘর্ষিক সরকারি সিদ্ধান্ত, রাজনৈতিক নিষেধাজ্ঞা কিংবা মৌলিক অধিকার লঙ্ঘনের অভিযোগ আদালতে পরীক্ষা করার কার্যকর সুযোগ থাকতে হবে।
বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা; গুরুত্বপূর্ণ রাজনৈতিক মামলায় সাক্ষ্য-প্রমাণ, শুনানি এবং রায়ের আইনগত ভিত্তি জনগণের কাছে যথাসম্ভব স্বচ্ছ হতে হবে।
আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ; ন্যায়বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক মানবাধিকার চুক্তি, বিশেষত নাগরিক ও রাজনৈতিক অধিকারবিষয়ক আন্তর্জাতিক চুক্তির নীতিমালা অনুসরণ করতে হবে।
শেখ হাসিনার মামলার ক্ষেত্রেও একই মানদণ্ড প্রযোজ্য হওয়া উচিত। তাঁর বিরুদ্ধে অভিযোগের বিচার দ্রুত ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে হবে। তবে দ্রুত বিচারের নামে ন্যায়বিচারের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না।
জনগণের রাজনৈতিক অধিকার; সিদ্ধান্তের মালিক জনগণ।
গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে জনগণের সার্বভৌমত্ব। রাষ্ট্রের মালিক জনগণ, কোনো রাজনৈতিক দল কিংবা ব্যক্তি নয়। শেখ হাসিনার প্রত্যাবর্তনের পক্ষে ও বিপক্ষে বাংলাদেশের মানুষের মধ্যে মতপার্থক্য থাকা স্বাভাবিক। কেউ তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, আওয়ামী লীগের ঐতিহাসিক ভূমিকা, অবকাঠামোগত উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির সময়কাল বিবেচনা করে প্রত্যাবর্তনের পক্ষে অবস্থান নিতে পারেন।
অন্যদিকে, কেউ ২০২৪ সালের আন্দোলনে প্রাণহানি, রাজনৈতিক দমন-পীড়ন, নির্বাচনব্যবস্থার সংকট ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ বিবেচনা করে তাঁর প্রত্যাবর্তনের বিরোধিতা করতে পারেন। দুই পক্ষের মতামত প্রকাশের অধিকারই গণতন্ত্রের অংশ।
তবে একটি বিষয় মনে রাখতে হবে—জনগণের সমর্থন কোনো ব্যক্তিকে ফৌজদারি দায় থেকে অব্যাহতি দিতে পারে না। আবার কোনো আদালতের রায়কে কেন্দ্র করে জনগণের শান্তিপূর্ণ রাজনৈতিক মতপ্রকাশের অধিকারও বাতিল করা যায় না।
এখানে গণতন্ত্রের দুটি স্তর রয়েছে: ব্যক্তিগত আইনি দায়; কোনো অপরাধ সংঘটিত হয়েছে কি না, তা আদালত প্রমাণ ও আইন অনুযায়ী নির্ধারণ করবে।
রাজনৈতিক বৈধতা; কোনো ব্যক্তি বা দল জনগণের প্রতিনিধিত্ব করার অধিকার অর্জন করবে কি না, তা নির্ধারিত হবে সংবিধান, নির্বাচনী আইন এবং জনগণের ভোটের মাধ্যমে। এই দুটি স্তরকে এক করে ফেললে গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হবে।
দেশে প্রত্যাবর্তন এবং নির্বাচনে অংশগ্রহণ: দুটি পৃথক প্রশ্ন
শেখ হাসিনার দেশে ফেরার প্রশ্নে একটি গুরুত্বপূর্ণ বিভ্রান্তি দূর করা প্রয়োজন। বাংলাদেশে প্রত্যাবর্তন, আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়া, রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা এবং নির্বাচনে অংশগ্রহণ—এগুলো চারটি আলাদা বিষয়।
প্রথম ধাপ: দেশে প্রত্যাবর্তন।
তাঁর নাগরিকত্ব, ভ্রমণ নথি, প্রবেশের অধিকার এবং সংশ্লিষ্ট সরকারি সিদ্ধান্ত আইন অনুযায়ী বিবেচনা করতে হবে।
দ্বিতীয় ধাপ: বিচারিক প্রক্রিয়া।
তাঁর বিরুদ্ধে কার্যকর সাজা, মামলা, গ্রেপ্তারি পরোয়ানা ও অন্যান্য আদালতের আদেশ আইন অনুযায়ী কার্যকর হবে। দেশে ফিরে আত্মসমর্পণ করতে চাইলে সেই প্রক্রিয়াও আদালতের মাধ্যমে সম্পন্ন হতে হবে।
তৃতীয় ধাপ: রাজনৈতিক কর্মকাণ্ড।
কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ থাকলে তার কার্যক্রমের ওপর সংশ্লিষ্ট আইন ও সরকারি আদেশের প্রভাব থাকবে। তবে নিষেধাজ্ঞার বৈধতা ও সাংবিধানিকতা বিচারিক পর্যালোচনার বাইরে থাকা উচিত নয়।
চতুর্থ ধাপ: নির্বাচনে অংশগ্রহণ।
সংবিধানের ৬৬ অনুচ্ছেদ এবং প্রযোজ্য নির্বাচনী আইন অনুযায়ী প্রার্থীর যোগ্যতা ও অযোগ্যতা নির্ধারিত হবে। দণ্ড, আপিলের অবস্থা এবং অন্যান্য আইনগত বিষয়ও বিবেচ্য হবে।
অতএব, শেখ হাসিনাকে দেশে ফিরতে দেওয়া মানেই তাঁকে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেওয়া নয়।
জাতীয় ঐক্য ও রাজনৈতিক সহাবস্থান কেন জরুরি?
বাংলাদেশের সামনে অর্থনীতি, কর্মসংস্থান, মূল্যস্ফীতি, বিনিয়োগ, শিক্ষা, স্বাস্থ্য, দুর্নীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের মতো বহু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে। রাজনৈতিক সংঘাত দীর্ঘায়িত হলে এসব জাতীয় অগ্রাধিকার ক্ষতিগ্রস্ত হবে।
বিশেষ করে; রাজনৈতিক সহিংসতা বিনিয়োগ ও ব্যবসায়িক পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। দলীয় সংঘাত প্রশাসনের নিরপেক্ষতা দুর্বল করতে পারে। রাজনৈতিক অস্থিরতা আইনশৃঙ্খলা পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে। মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত হলে গণমাধ্যমের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হতে পারে।
রাজনৈতিক প্রতিহিংসা সামাজিক বিভাজন আরও গভীর করতে পারে।
অতএব, শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রশ্নে রাজনৈতিক পক্ষগুলোর উচিত সংঘাতের পরিবর্তে সাংবিধানিক সমাধানের পথে অগ্রসর হওয়া।
বাংলাদেশের মানুষ আরেকটি প্রতিহিংসামূলক রাজনৈতিক অধ্যায় দেখতে চায় না। তারা চায় নিরাপত্তা, কর্মসংস্থান, ন্যায়বিচার, রাজনৈতিক স্থিতিশীলতা এবং ভোটের অধিকার।
বিতর্কের চূড়ান্ত নিষ্পত্তিতে সাত দফা প্রস্তাব
শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে দীর্ঘস্থায়ী রাজনৈতিক সংকট এড়াতে রাষ্ট্র, রাজনৈতিক দল, বিচার বিভাগ এবং নাগরিক সমাজের জন্য নিম্নলিখিত পদক্ষেপগুলো বিবেচনা করা যেতে পারে।
নাগরিকের দেশে ফেরার অধিকার নিশ্চিত করা ; নাগরিকত্ব ও দেশে প্রবেশের বিষয়ে সিদ্ধান্ত হবে সংবিধান ও প্রচলিত আইনের ভিত্তিতে; রাজনৈতিক প্রতিহিংসার ভিত্তিতে নয়।
স্বাধীন ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করা; শেখ হাসিনা এবং তাঁর সরকারের আমলের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত অন্য সবার বিচার হবে যথাযথ আইনি প্রক্রিয়ায়।
বিচারিক সিদ্ধান্তের কার্যকর পর্যালোচনা; বিদ্যমান আইন অনুযায়ী আপিল, রিভিউ বা অন্যান্য প্রতিকার পাওয়ার সুযোগ থাকলে তা কার্যকর ও বাস্তবসম্মত করতে হবে।
রাজনৈতিক নিষেধাজ্ঞার সাংবিধানিক পর্যালোচনা; রাজনৈতিক দল নিষিদ্ধকরণ, নিবন্ধন, কার্যক্রম ও নির্বাচনে অংশগ্রহণের বিধিনিষেধের আইনগত ভিত্তি স্বচ্ছভাবে পরীক্ষা করতে হবে।
সব রাজনৈতিক দলের শান্তিপূর্ণ অংশগ্রহণ; রাজনৈতিক পরিচয়ের কারণে সাধারণ নাগরিকের বিরুদ্ধে হয়রানি, বেআইনি আটক বা সহিংসতা বন্ধ করতে হবে।
নির্বাচন কমিশনের স্বাধীনতা ও নিরপেক্ষতা; ভোটার, প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর অধিকার রক্ষায় নির্বাচন কমিশনকে কার্যকর স্বাধীনতা দিতে হবে।
জাতীয় সংলাপ ও রাজনৈতিক সমঝোতা; সরকার, বিরোধী দল, আওয়ামী লীগের সমর্থক ও অন্যান্য রাজনৈতিক শক্তি, নাগরিক সমাজ এবং মানবাধিকার সংগঠনকে নিয়ে সংবিধানসম্মত সংলাপের পরিবেশ তৈরি করতে হবে।
এই সাত দফা কোনো ব্যক্তির পক্ষে বা বিপক্ষে রাজনৈতিক রায় নয়। বরং বাংলাদেশের রাজনৈতিক সংকটকে আইনের শাসন ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসার একটি প্রস্তাবিত কাঠামো।
আন্তর্জাতিক অভিজ্ঞতা ও বাংলাদেশের জন্য শিক্ষা
বিশ্বের বিভিন্ন দেশে রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তন, সাবেক রাষ্ট্রপ্রধানের বিচার, রাজনৈতিক দলের ওপর নিষেধাজ্ঞা এবং জাতীয় পুনর্মিলনের প্রশ্নে বিভিন্ন অভিজ্ঞতা রয়েছে। এসব অভিজ্ঞতার একটি সাধারণ শিক্ষা হলো—রাজনৈতিক স্থিতিশীলতার জন্য শুধু ক্ষমতার পরিবর্তন যথেষ্ট নয়; রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষতা এবং আইনের সমান প্রয়োগ অপরিহার্য। বাংলাদেশের জন্যও এই শিক্ষা গুরুত্বপূর্ণ।
রাজনৈতিক অপরাধের বিচার বন্ধ করে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা যায় না। আবার বিচারকে রাজনৈতিক প্রতিশোধে পরিণত করেও স্থায়ী গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। অতীতের অপরাধের জবাবদিহি এবং ভবিষ্যতের রাজনৈতিক সহাবস্থান—দুটিকে একসঙ্গে এগিয়ে নিতে হবে।
বর্তমান সরকারের দায়িত্ব: রাজনৈতিক উদারতা ও সাংবিধানিক শাসনের পরীক্ষা
২০২৬ সালের নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। এই সরকারের সামনে এখন একটি বড় ঐতিহাসিক সুযোগ রয়েছে—বাংলাদেশে এমন একটি রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করা, যেখানে সরকার পরিবর্তন হলেও নাগরিকের অধিকার ও বিচারব্যবস্থার স্বাধীনতা অক্ষুণ্ন থাকে। সরকারের দায়িত্ব শুধু নিজের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন নয়; বিরোধী মতের মানুষের অধিকার রক্ষা করাও।
শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রশ্নে বর্তমান সরকারের সিদ্ধান্ত ভবিষ্যতে বাংলাদেশের গণতান্ত্রিক চরিত্র মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ মানদণ্ড হয়ে উঠতে পারে। সরকার যদি রাজনৈতিক প্রতিপক্ষের অধিকার রক্ষায় সাংবিধানিক নীতি অনুসরণ করে, তাহলে আন্তর্জাতিক পরিসরেও বাংলাদেশের গণতান্ত্রিক ভাবমূর্তি শক্তিশালী হতে পারে।
অন্যদিকে, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কাউকে দেশে প্রবেশ, আত্মপক্ষ সমর্থন, আইনি প্রতিকার কিংবা শান্তিপূর্ণ রাজনৈতিক মতপ্রকাশ থেকে বঞ্চিত করা হলে তা নতুন করে বিতর্ক সৃষ্টি করবে।
সুতরাং সরকারের উচিত হবে আদালতের স্বাধীনতা নিশ্চিত করা, আইন প্রয়োগকারী সংস্থাকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা এবং রাজনৈতিক সিদ্ধান্তের পরিবর্তে সাংবিধানিক প্রতিষ্ঠানকে কার্যকর ভূমিকা পালনের সুযোগ দেওয়া।
শেষ কথা: শেখ হাসিনার ভাগ্য নয়, বাংলাদেশের গণতন্ত্রই হোক মূল বিবেচ্য
শেখ হাসিনা দেশে ফিরবেন কি না, তাঁর বিরুদ্ধে বিচারিক কার্যক্রমের পরিণতি কী হবে, আওয়ামী লীগ ভবিষ্যতে রাজনীতিতে কী ভূমিকা রাখবে—এসব প্রশ্নের উত্তর বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।
কিন্তু এসব প্রশ্নের নিষ্পত্তি কোনো ব্যক্তির প্রতি ভালোবাসা কিংবা ঘৃণার ভিত্তিতে হওয়া উচিত নয়। যাঁরা শেখ হাসিনার শাসনামলে নির্যাতিত হয়েছেন, তাঁদের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। যাঁরা ২০২৪ সালের আন্দোলনে প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের বিচার পাওয়ার অধিকার প্রতিষ্ঠা করতে হবে। একই সঙ্গে শেখ হাসিনা এবং তাঁর রাজনৈতিক সমর্থকদের ক্ষেত্রেও সংবিধানস্বীকৃত অধিকার ও ন্যায়বিচারের নীতি কার্যকর রাখতে হবে।
রাষ্ট্রের কাছে সবাই সমান—এই নীতির বাস্তব প্রয়োগই হবে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের সবচেয়ে বড় পরীক্ষা।
শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের ক্ষেত্রে তাই চারটি ভিত্তি অগ্রাধিকার পাওয়া উচিত: জনগণের রাজনৈতিক অধিকার,
বাংলাদেশের সংবিধান ও আইনের শাসন,
স্বাধীন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য বিচারব্যবস্থা,
অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক গণতান্ত্রিক প্রক্রিয়া,
শেখ হাসিনার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বাংলাদেশে নতুন কোনো রাজনৈতিক সংঘাত সৃষ্টি হওয়া কাম্য নয়। বরং এই বিতর্ককে কেন্দ্র করে বাংলাদেশ এমন একটি দৃষ্টান্ত স্থাপন করতে পারে, যেখানে ক্ষমতাধর ব্যক্তি অপরাধ করলে তাঁর বিচার হবে, রাজনৈতিক প্রতিপক্ষের অধিকারও সুরক্ষিত থাকবে এবং রাষ্ট্র কোনো ব্যক্তির ইচ্ছায় নয়, সংবিধান ও জনগণের ইচ্ছায় পরিচালিত হবে।
সর্বোপরি, শেখ হাসিনা দেশে ফিরবেন কি না, তিনি রাজনীতিতে ফিরবেন কি না কিংবা ভবিষ্যতে নির্বাচনে অংশ নিতে পারবেন কি না—এসব বিষয়ে সিদ্ধান্ত আসতে হবে পৃথক পৃথক আইনি ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে।
বাংলাদেশের জনগণই রাষ্ট্রের প্রকৃত মালিক। তাই এই বিতর্কের রাজনৈতিক নিষ্পত্তি জনগণের মতামতের ভিত্তিতে এবং আইনি নিষ্পত্তি স্বাধীন আদালতের মাধ্যমে হওয়া উচিত।
কোনো ব্যক্তি নয়, কোনো দল নয়—সংবিধান, ন্যায়বিচার ও জনগণের সার্বভৌমত্বই হোক বাংলাদেশের রাজনীতির চূড়ান্ত নিয়ামক।
লেখক: সাংবাদিক