ইরানের ভূগর্ভস্থ অস্ত্র গবেষণা কেন্দ্রে বিমান হামলা

সংবাদ তরঙ্গ ডেস্ক : তেহরানে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর একটি ভূগর্ভস্থ অস্ত্র গবেষণা ও উন্নয়ন কমপ্লেক্সসহ একাধিক গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামোতে আঘাত হানা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) এক এক্স পোস্টে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। 

আইডিএফের দাবি, রাজধানী তেহরানে পরিচালিত এই হামলাগুলোতে ইরানি সন্ত্রাসী শাসনের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তু করা হচ্ছে। এর মধ্যে অন্যতম ছিল আইআরজিসির সামরিক একাডেমি ‘ইমাম হোসেইন বিশ্ববিদ্যালয়ে’ অবস্থিত একটি অস্ত্র গবেষণা ও উন্নয়ন কমপ্লেক্স।

ইসরায়েলি সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, ওই কমপ্লেক্সের একটি ভূগর্ভস্থ অংশে আইআরজিসির সশস্ত্র বাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উন্নয়ন ও উৎপাদন প্রক্রিয়ার জন্য বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা পরিচালনা করত।এবার সেখানেই হামলা চালানো হয়েছে।

আইডিএফ আরও জানিয়েছে, এই অভিযানে অন্যান্য অস্ত্র উৎপাদন কেন্দ্র, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং আইআরজিসির বহিরাগত শাখা কুদস ফোর্সের প্রধান সদর দপ্তরের অবকাঠামোতেও হামলা চালানো হয়েছে।

এসব হামলা চলমান সংঘাতের একটি নতুন পর্যায়ের অংশ, যার উদ্দেশ্য ইরানের সামরিক সক্ষমতা ও অবকাঠামোর মূল কাঠামোতে আরও গভীরভাবে আঘাত হানা বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *