সংবাদ তরঙ্গ ডেস্ক : বৃষ্টির পূর্বাভাস আর নকআউট পর্বের চাপ-দুই সমীকরণ মাথায় নিয়ে এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে আজ মাঠে নামছে বাংলাদেশ। গ্রুপ পর্বের নাটকিয়তা শেষে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে টাইগারদের প্রতিপক্ষ মালয়েশিয়া। নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে বাংলাদেশ সময় সকাল ১১টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। এদিকে ফিফা আসিয়ান কাপ ফুটবলে বাংলাদেশ ৩-০ গোলে মালেশিয়ার কাছে হারলেও ক্রিকেটে বেশ এগিয়ে।
ম্যাচের আগের দিন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস অবশ্য প্রাকৃতিক দুর্যোগ নিয়ে না ভেবে দৃষ্টি রাখছেন মূল লক্ষ্যেই। তিনি জানান, ‘বৃষ্টির ওপর কারও হাত নেই। আমাদের প্রথম লক্ষ্য ফাইনালে জায়গা করে নেওয়া। স্বর্ণপদক পরের বিষয়, আপাতত প্রথম ম্যাচটিতেই পুরো মনোযোগ দিচ্ছি।
’ অসুস্থতায় এশিয়ান গেমস খেলা হচ্ছে না নাজমুল হোসেন শান্তর। জ্বর নিয়ে দেশে ফিরছেন তিনি।
গ্রুপ ‘বি’-তে নিজেদের শেষ ম্যাচে ওমানের বিরুদ্ধে মাঠে নামার কথা ছিল মালয়েশিয়ার। তবে বেরসিক বৃষ্টির কারণে বল গড়ায়নি মাঠে।
ম্যাচ পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে দুই দল। ফলে দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করে মালয়েশীয়রা। এই গ্রুপ থেকে দুই পয়েন্ট পেয়ে রানার্সআপ হিসেবে শেষ আটে উঠে এসেছে হংকং। অন্যদিকে, মাত্র এক পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ওমান।
আইসিসির শীর্ষ টি-২০ র্যাঙ্কিংয়ের সুবাদে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার টিকিট পায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা।
বৃষ্টির থাবায় টুর্নামেন্টের অন্য ম্যাচগুলোর ভাগ্যও দুলছে অনিশ্চয়তায়। গতকাল পাকিস্তান-হংকং এবং ভারত-আফগানিস্তান মধ্যকার প্রথম দুটি কোয়ার্টার ফাইনাল ম্যাচই বৃষ্টির কারণে ভেস্তে যায়। তবে আইসিসি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে কোনো বল না খেলেই সেমিফাইনালের টিকিট কেটেছে পাকিস্তান ও ভারত। নিয়ম অনুযায়ী, আজ বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেলেও সেমিফাইনালে পৌঁছে যাবে বাংলাদেশ। তবে কেবল আইনি সুবিধায় নয়, মাঠের লড়াইয়েই নিজেদের প্রমাণ করতে মুখিয়ে আছে টাইগাররা। প্রতিপক্ষ মালয়েশিয়াকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। ২০২২ সালের চীন এশিয়ান গেমসে এই মালয়েশিয়ার বিরুদ্ধেই চরম নাটকীয়তার মুখোমুখি হতে হয়েছিল বাংলাদেশকে। সেবার মাত্র ২ রানের রুদ্ধশ্বাস জয়ে সেমিফাইনালে উঠেছিল লাল-সবুজের প্রতিনিধিরা।
দলীয় প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দীনও ম্যাচটিকে দেখছেন বড় চ্যালেঞ্জ হিসেবে। তার মতে, দীর্ঘ দিন ম্যাচের বাইরে থেকে সরাসরি এমন নকআউট পর্বে নামা বেশ কঠিন। তবে দলের মোটিভেশন চড়া রয়েছে এবং জয় দিয়েই মিশন শুরু করতে চায় বাংলাদেশ। বাংলাদেশ সময় আজ সকাল ৬টায় দিনের অন্য কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে নেপাল ও শ্রীলঙ্কা। এই ম্যাচের বিজয়ী দল সেমিফাইনালে লড়বে ভারতের বিরুদ্ধে। অন্যদিকে, বাংলাদেশ জয় পেলে প্রথম সেমিফাইনালে তাদের প্রতিদ্বন্দ্বী হবে পাকিস্তান।