প্রবাসীদের সহায়তায় নিয়ন্ত্রণ কক্ষ চালু করলো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়

সংবাদ তরঙ্গ  ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির জন্য প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ ও সহায়তা নিশ্চিত করতে নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম) চালু করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

মঙ্গলবার (১০ মার্চ) থেকে রাজধানীর ইস্কাটনে অবস্থিত প্রবাসী কল্যাণ ভবনে এ নিয়ন্ত্রণ কক্ষ চালু হয়েছে

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ৯ মার্চ জারিকৃত এক অফিস আদেশের আলোকে ১০ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত নিয়ন্ত্রণ কক্ষটি চালু থাকবে। এ সময় তিনটি শিফটে মোট ২১ জন কর্মকর্তা ও ৪২ জন কর্মচারী দায়িত্ব পালন করবেন।

ঢাকার ইস্কাটনে অবস্থিত প্রবাসী কল্যাণ ভবনে প্রবাসী কল সেন্টারে স্থাপিত এই নিয়ন্ত্রণ কক্ষের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকবেন ওয়েজ আর্নারস কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। আর ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মসংস্থান-১ শাখার উপসচিব মো. হেদায়েতুল ইসলাম মন্ডল।

অফিস আদেশে বলা হয়েছে, নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্ব পালনকারী কর্মকর্তারা মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন অনুযায়ী বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোর শ্রমকল্যাণ উইংয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবেন। পাশাপাশি নির্ধারিত ছক অনুযায়ী প্রবাসীদের পরিস্থিতি সংক্রান্ত তথ্য সংগ্রহ করে তা ফোকাল পয়েন্ট কর্মকর্তার কাছে জমা দেবেন।

মন্ত্রণালয় সংশ্লিষ্টরা জানান, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ঘিরে প্রবাসীদের যেকোনো জরুরি তথ্য সংগ্রহ, সমন্বয় ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের লক্ষ্যেই এই নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে এর কার্যক্রম আরও সম্প্রসারণ করা হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *