বিশ্বকাপে খেলার সম্ভাবনা আরও উজ্জ্বল করেছে লাল-সবুজের প্রতিনিধিরা

সংবাদ তরঙ্গ ডেস্ক : যুক্তরাষ্ট্রকে হারিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই শুরু করেছিল বাংলাদেশ। এবার পাপুয়া নিউ গিনিকে ৩০ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। এতে বিশ্বকাপে খেলার সম্ভাবনা আরও উজ্জ্বল করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

মঙ্গলবার (২০ জানুয়ারি) কীর্তিপুরে টস হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। তিন ব্যাটার ত্রিশ ছাড়ানো ইনিংস খেলেছেন। ১৪ বলে ৩৭ রানের দারুণ এক ইনিংস খেলেন ছয়ে নামা স্বর্ণা আক্তার। ১টি চারের সঙ্গে ৪টি ছক্কা হাঁকান তিনি। নারী আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম বাংলাদেশের কোনো ব্যাটার এক ইনিংসে চার ছক্কা মারলেন। এছাড়া দিলারা আক্তার ২৯ বলে ৩৫ ও সোবহানা আক্তার ২৪ বলে ৩৪ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে প্রথম তিন ওভারে বিনা উইকেটে ৩২ রান তুলে ফেলে পাপুয়া নিউ গিনি। তবে এরপর বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৯ উইকেট হারিয়ে ১৩৮ রানে থামে তারা। দলের পক্ষে ওপেনার ব্রেন্ডা টাউ করেন সর্বোচ্চ ৩৫ রান। টানা দুই জয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে এখন বাংলাদেশ। নিজেদের তৃতীয় ম্যাচে নামিবিয়া ও শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। এই দুই ম্যাচের একটি জিতলেই ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস বিশ্বকাপের টিকিট হাতে পাবে বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *