ওয়াহিদ জামান
একদিন আমি চলে যাবো কিন্তু নিঃসঙ্গ যাবো না
ধনসম্পদ, অলীক সুখ, রেখে দিও সযত্নে তোমাদের কাছে,
আমি সঙ্গে নেব বাউলের সুর, কুয়াশার ভোরের শিশির।
একদিন ঠিকই চলে যাবো তোমাদের আড়ালে
ভোজনবিলাস, পানশালায় মদ-মদের পিয়ালা, নর্তকীর নাচ এসব কিছু তোমাদের থাক
আমি সঙ্গে নেব একগুচ্ছ রবীন্দ্র রচনাবলী, শৈশবের মায়ের বোল।
একদিন ঠিকই চলে যাবো, তবে একা নয়
দীনহীন গনতন্ত্র, ধনতন্ত্র, রাজনীতির রসালো সনদ তোমাদের কাছে থাক
আমি সঙ্গে নেব স্বাধীনতা, সাম্যবাদ, বীর মুক্তিযোদ্ধদের পবিত্র সনদ।
একদিন সত্যি চলে যাবো নিশ্চুপ-নিঃশব্দে, তবে একা যাবো না
দেশদ্রোহীতা,বিশ্বাসঘাতকতা, ধর্মান্ধতা, অন্ধকার জগৎ রেখে যাবো তোমাদের কাছে
আমি সঙ্গে নেব ধর্মনিরপেক্ষতা, ন্যায়বিচার, মানবাধিকার, তিরিশ লক্ষ শহীদের রক্তস্নাত পবিত্র মাটি
সঙ্গে নেব দুলক্ষ মা-বোনের সম্ভ্রম হারানো শোক।
আমি চলে যাবো ঠিকই একদিন
স্বার্থপরতা, ভণ্ডামি, পঙ্কিলতা, চৌর্যবৃত্তি
যা কিছু আমার মা-মাটিকে কলঙ্কিত করে সব রেখে যাবো তোমাদের কাছে,
আমি সঙ্গে নেব আমার বাংলা, বাঙালি ও বাঙালিত্ব, আমার আত্মপরিচয়।