নিরাপদ পানি ব্যবস্থাপনার পানীয় জল থেকে বঞ্চিত বিশ্বের ২১০ কোটি মানুষ। জাতিসংঘের পানি সম্মেলনের ভূমিকা কি হবে?

বিশেষ প্রতিবেদক, মো. নাসির উদ্দিন। ঢাকা

নিরাপদ পানি ও স্যানিটেশন মানুষের মৌলিক মানবাধিকারের স্বীকৃতি পেলেও বিশ্বের কোটি কোটি মানুষের জীবনে সেই অধিকার এখনো বাস্তবে প্রতিষ্ঠিত হয়নি। বিশুদ্ধ পানির অভাব, অপর্যাপ্ত পয়োনিষ্কাশন ব্যবস্থা এবং দূষিত পানির কারণে বাড়ছে পানিবাহিত রোগ, শিশুমৃত্যু ও জনস্বাস্থ্যঝুঁকি। একই সঙ্গে শিক্ষা, নারীর কর্মসংস্থান, অর্থনৈতিক কর্মকাণ্ড এবং পরিবারের সামগ্রিক জীবনযাত্রায় তৈরি হচ্ছে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব।

এই বাস্তবতায় আগামী ৮ থেকে ১০ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের আবুধাদিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ সালের জাতিসংঘের ওয়াটার কনফারেন্স। জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্যোগে সংযুক্ত আরব আমিরাত ও সেনেগালের যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য এ সম্মেলনের মূল লক্ষ্য টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি-৬) বাস্তবায়ন ত্বরান্বিত করা।

জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগ (UN DESA)-এর সম্মেলনবিষয়ক আনুষ্ঠানিক তথ্যে বলা হয়েছে, বিশ্বে বর্তমানে প্রায় ২১০ কোটি মানুষ নিরাপদ ব্যবস্থাপনার পানীয় জলের সুবিধা থেকে বঞ্চিত। অন্যদিকে প্রায় ৩৪০ কোটি মানুষের কাছে নিরাপদ ব্যবস্থাপনার স্যানিটেশন সেবা নেই। এ পরিসংখ্যান ২০২৪ সালের বৈশ্বিক পরিস্থিতির ভিত্তিতে প্রকাশিত হয়েছে।

তথ্যসূত্র: জাতিসংঘ—২০২৬ ওয়াটার কনফারেন্সের বৈশ্বিক পানিসংকট ও উদ্দেশ্য।

পানির অভাবে বাড়ছে রোগ ও মৃত্যুঝুঁকি

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) ৩ নভেম্বর ২০২৬ প্রকাশিত ‘Sanitation’ শীর্ষক ফ্যাক্টশিট অনুযায়ী, অপর্যাপ্ত পানীয় জল, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধির কারণে প্রতিবছর বিশ্বে আনুমানিক ১৪ লাখ মানুষের মৃত্যু হয়। এসব মৃত্যুর অধিকাংশই নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে ঘটে। এর মধ্যে অনিরাপদ স্যানিটেশনের কারণে ৫ লাখ ৬৪ হাজার মানুষের মৃত্যুর হিসাবও অন্তর্ভুক্ত রয়েছে।

দূষিত পানি ও অপর্যাপ্ত পয়োনিষ্কাশন ব্যবস্থার সঙ্গে ডায়রিয়া, কলেরা, আমাশয়, টাইফয়েড এবং বিভিন্ন পরজীবী সংক্রমণের সম্পর্ক রয়েছে। বিশেষ করে পাঁচ বছরের কম বয়সী শিশু, বয়স্ক মানুষ এবং অপুষ্টিতে ভোগা জনগোষ্ঠী এসব রোগে বেশি ঝুঁকিতে থাকে।

WHO বলছে, ২০১৯ সালেই উন্নত পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করা গেলে পাঁচ বছরের কম বয়সী শিশুদের প্রায় ৩ লাখ ৯৫ হাজার মৃত্যু প্রতিরোধ করা সম্ভব হতো।

তথ্যসূত্র: WHO—Sanitation Fact Sheet, 3 November 2026।

নারী ও শিশুর জীবনেও পানিসংকটের প্রভাব

নিরাপদ পানি সংগ্রহের দায়িত্ব অনেক সমাজে এখনো প্রধানত নারী ও শিশুদের ওপর বর্তায়। দূরবর্তী উৎস থেকে পানি সংগ্রহে সময় ব্যয় হওয়ায় মেয়েদের পড়াশোনা, নারীদের আয়বর্ধক কাজ এবং পরিবারের অন্যান্য প্রয়োজনীয় কাজে অংশগ্রহণ বাধাগ্রস্ত হয়।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) ও ইউনিসেফের যৌথ উদ্যোগে পরিচালিত Multiple Indicator Cluster Survey (MICS) 2025-এর প্রাথমিক ফলাফল অনুযায়ী, দেশের ৮৫ দশমিক ৬ শতাংশ ক্ষেত্রে পানি সংগ্রহের দায়িত্ব নারী ও তরুণীদের ওপর বর্তায়। এর ফলে শিক্ষা, ব্যক্তিগত উন্নয়ন এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।

অপর্যাপ্ত ও অনিরাপদ স্যানিটেশন নারীদের স্বাস্থ্য, ব্যক্তিগত গোপনীয়তা, মর্যাদা এবং নিরাপত্তার জন্যও ঝুঁকি তৈরি করে। বিশেষ করে ঋতুকালীন স্বাস্থ্যবিধি বজায় রাখার জন্য নিরাপদ পানি ও পরিচ্ছন্ন শৌচাগারের অভাব কিশোরীদের শিক্ষা ও স্বাভাবিক জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলে।

তথ্যসূত্র: UNICEF ও BBS—Bangladesh MICS 2025, WASH Preliminary Findings।

বাংলাদেশের পরিস্থিতিও উদ্বেগজনক

বাংলাদেশে পানির উৎসের প্রাপ্যতা তুলনামূলক বেশি হলেও পানির গুণগত মান এখনো বড় চ্যালেঞ্জ। বিশেষ করে জীবাণু ও রাসায়নিক দূষণ নিরাপদ পানি সরবরাহের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) ও ইউনিসেফের যৌথ উদ্যোগে পরিচালিত বাংলাদেশ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (MICS) ২০২৫-এর তথ্য অনুযায়ী, দেশের ৯৮ দশমিক ৬ শতাংশ মানুষ অন্তত মৌলিক পানীয় জলের সুবিধা ব্যবহার করে। কিন্তু নিরাপদ ব্যবস্থাপনার পানীয় জলের সুবিধা পাওয়া মানুষের হার মাত্র ৪২ দশমিক ৬ শতাংশ।

একই জরিপে দেখা গেছে, পানির উৎসে ই-কোলাই ব্যাকটেরিয়ার দূষণের হার ৪৭ দশমিক ১ শতাংশ। অন্যদিকে মানুষের পান করার স্থানে ব্যবহৃত পানিতে এ দূষণের হার ৮৫ শতাংশ।

জরিপে আরও দেখা গেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আর্সেনিক মানদণ্ড বিবেচনায় নিলে নিরাপদ ব্যবস্থাপনার পানীয় জলের আওতায় থাকা মানুষের হার কমে দাঁড়ায় ৩৭ দশমিক ১ শতাংশে। বাংলাদেশের সরকারি আর্সেনিক মানদণ্ড ব্যবহার করলে এ হার ৩৯ দশমিক ৪ শতাংশ।

অর্থাৎ পানির উৎস থাকা এবং সেই পানি নিরাপদ হওয়া এক বিষয় নয়। অনেক ক্ষেত্রে মানুষ পানি সংগ্রহ করতে পারলেও সেই পানি পান করার আগে জীবাণু ও রাসায়নিক দূষণের ঝুঁকিতে থাকে।

এ পরিস্থিতি জনস্বাস্থ্য সুরক্ষার জন্য বড় উদ্বেগের বিষয়। পানির জীবাণু ও রাসায়নিক দূষণ নিয়ন্ত্রণে নিয়মিত পরীক্ষা, কার্যকর নজরদারি, নিরাপদ পানি সরবরাহব্যবস্থা এবং জনসচেতনতা বাড়ানো জরুরি।

বিশেষ করে গ্রামীণ জনপদ, উপকূলীয় অঞ্চল, আর্সেনিকপ্রবণ এলাকা এবং জলবায়ু পরিবর্তনের কারণে লবণাক্ততা ও পানিসংকটে আক্রান্ত জনগোষ্ঠীর জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন।

তথ্যসূত্র:

UNICEF Bangladesh—MICS 2025-এর পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধির পরিসংখ্যান।

BBS ও UNICEF—Bangladesh Multiple Indicator Cluster Survey 2025, Preliminary Report।

মানবাধিকার হিসেবে পানির স্বীকৃতি

নিরাপদ পানীয় জল ও স্যানিটেশনকে মানবাধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। ২০১০ সালের ২৮ জুলাই জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত ৬৪/২৯২ নম্বর প্রস্তাবে নিরাপদ ও পরিচ্ছন্ন পানীয় জল এবং স্যানিটেশনকে মানবাধিকারের স্বীকৃতি দেওয়া হয়।

প্রস্তাবটিতে ১২২টি দেশ পক্ষে ভোট দেয়, কোনো দেশ বিপক্ষে ভোট দেয়নি এবং ৪১টি দেশ ভোটদানে বিরত ছিল।

এই স্বীকৃতির মূল তাৎপর্য হলো, নিরাপদ পানি কোনো বিলাসিতা কিংবা কেবল উন্নয়ন প্রকল্পের বিষয় নয়। প্রত্যেক মানুষের মর্যাদাপূর্ণ জীবনযাপনের জন্য এটি অপরিহার্য।

মানবাধিকারভিত্তিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী, রাষ্ট্রের দায়িত্ব হলো বৈষম্যহীনভাবে নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধার প্রাপ্যতা, সহজলভ্যতা, গ্রহণযোগ্যতা এবং গুণগত মান নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া।

তথ্যসূত্র: জাতিসংঘ সাধারণ পরিষদ—Resolution A/RES/64/292, The Human Right to Water and Sanitation।

আবুধাদি সম্মেলনে ছয়টি গুরুত্বপূর্ণ সংলাপ

জাতিসংঘের ২০২৬ সালের সম্মেলনের আনুষ্ঠানিক কর্মসূচিতে ছয়টি ইন্টারঅ্যাকটিভ ডায়ালগ বা আলোচ্য ক্ষেত্র নির্ধারণ করা হয়েছে। এগুলো হলো—

১. Water for People: মানুষের জন্য নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করা।

২. Water for Prosperity: অর্থনৈতিক সমৃদ্ধি, কৃষি, শিল্প ও পানির টেকসই ব্যবহার।

৩. Water for Planet: পরিবেশ, নদী, জলাভূমি ও বাস্তুতন্ত্র সংরক্ষণ।

৪. Water for Cooperation: আন্তদেশীয় নদী ও পানিসম্পদ ব্যবস্থাপনায় আন্তর্জাতিক সহযোগিতা।

৫. Water in Multilateral Processes: আন্তর্জাতিক নীতিনির্ধারণ ও বহুপক্ষীয় সহযোগিতায় পানির গুরুত্ব।

৬. Investments in Water: পানি ও স্যানিটেশন খাতে বিনিয়োগ, অর্থায়ন, প্রযুক্তি ও উদ্ভাবন।

জাতিসংঘের সম্মেলনবিষয়ক ওয়েবসাইট অনুযায়ী, ৮ থেকে ১০ ডিসেম্বর আবুধাদির ADNEC Exhibition Centre-এ এ সম্মেলন অনুষ্ঠিত হবে। তিন দিনের এ আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান, নীতিনির্ধারক, জাতিসংঘের সংস্থা, উন্নয়ন সহযোগী, বেসরকারি খাত, গবেষক এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেবেন।

সম্মেলনের অন্যতম প্রত্যাশা হলো, শুধু আলোচনা নয়, বরং বাস্তবায়নযোগ্য উদ্যোগ, অর্থায়ন এবং আন্তর্জাতিক অংশীদারত্বের মাধ্যমে পানি ও স্যানিটেশন খাতে অগ্রগতি ত্বরান্বিত করা।

তথ্যসূত্র:

UN DESA—2026 UN Water Conference: About and Interactive Dialogues।

2026 UN Water Conference—Official UAE Conference Website।

জাতিসংঘ—সম্মেলনের আনুষ্ঠানিক ঘোষণা ও কর্মসূচি।

উন্নয়ন প্রতিশ্রুতি নয়, প্রয়োজন বাস্তবায়ন

বিশ্বব্যাপী নিরাপদ পানির সংকট মোকাবিলায় শুধু নতুন অবকাঠামো নির্মাণ যথেষ্ট নয়। পানির উৎস সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্যপানি শোধন, ভূগর্ভস্থ পানির টেকসই ব্যবহার এবং জলবায়ু সহনশীল পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।

একই সঙ্গে দরিদ্র জনগোষ্ঠী, প্রান্তিক মানুষ, নারী, শিশু এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য পানি ও স্যানিটেশন সেবা সহজলভ্য করতে হবে।

উন্নয়নশীল দেশগুলোর জন্য প্রয়োজন আন্তর্জাতিক অর্থায়ন, আধুনিক প্রযুক্তি হস্তান্তর এবং দক্ষতা উন্নয়নে সহযোগিতা। পাশাপাশি পানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাও জরুরি।

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ৬ নম্বর লক্ষ্য (SDG-6) অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে সবার জন্য নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করার অঙ্গীকার রয়েছে। কিন্তু বর্তমান অগ্রগতির ধারা অব্যাহত থাকলে সেই লক্ষ্য অর্জন কঠিন হয়ে পড়বে।

বিশ্বব্যাপী এ লক্ষ্যের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে জাতিসংঘের Sustainable Development Goals Report 2025—Goal 6 প্রতিবেদনে।

সাংবাদিকদের জন্য সম্মেলনে অংশগ্রহণের সুযোগ

আবুধাদির সম্মেলনে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের পাশাপাশি বিভিন্ন দেশের সাংবাদিকদের অংশগ্রহণের সুযোগ রয়েছে। জাতিসংঘের ২০২৬ সালের মিডিয়া অ্যাডভাইজরি অনুযায়ী, সাংবাদিকদের অনলাইন মিডিয়া অ্যাক্রেডিটেশন প্রাক্‌-নিবন্ধনের শেষ তারিখ ১৩ নভেম্বর ২০২৬।

মুদ্রিত সংবাদপত্র, অনলাইন সংবাদমাধ্যম, টেলিভিশন, রেডিও, সংবাদ সংস্থা ও ফটোসাংবাদিকতার সঙ্গে যুক্ত সাংবাদিকরা নির্ধারিত শর্ত পূরণ করে আবেদন করতে পারবেন।

আবেদনের নিয়ম, যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে বিস্তারিত জানা যাবে জাতিসংঘের Official Media Advisory—2026 UN Water Conference এবং UN Water Conference Media Resources থেকে।

সামনে বড় প্রশ্ন

আবুধাদির সম্মেলন শুধু পানি নিয়ে আরেকটি আন্তর্জাতিক আয়োজন নয়; এটি বিশ্বের কোটি কোটি মানুষের স্বাস্থ্য, মর্যাদা, শিক্ষা, অর্থনৈতিক অধিকার এবং ভবিষ্যৎ নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক উদ্যোগ।

আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে এখন সবচেয়ে বড় প্রশ্ন—নিরাপদ পানি কি কেবল উন্নয়ন পরিকল্পনা ও আন্তর্জাতিক প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি রাষ্ট্রগুলো প্রত্যেক মানুষের জন্য এটিকে বাস্তব ও কার্যকর মানবাধিকার হিসেবে নিশ্চিত করবে?

এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে, ২০৩০ সালের মধ্যে নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করার বৈশ্বিক অঙ্গীকার কতটা বাস্তবে রূপ পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *