…………….মো. নাসির উদ্দিন…………….
সাংবিধানিকভাবে বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক দেশ। এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সমতল ও পাহাড়ে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায় রয়েছে। এসকল সম্প্রদায়ের রয়েছে সম- সাংবিধানিক নাগরিক অধিকার। আইন, শাসন, বিচার, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকারসহ সকল অধিকারই তারা রাষ্ট্রের কাছ থেকে সমভাবে গ্রহণ করবে। আবার সকল সম্প্রদায়ের মানুষই সাম্য, ভ্রাতৃত্ববোধ ও অসাম্প্রদায়িক চ চেতনায় সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থেকে রাষ্ট্রের প্রতি তাদের কর্তব্যও পালন করবে। স্বাধীন সার্বভৌম এ রাষ্ট্রের সকল নাগরিকই তাদের নিজ পরিচয় নাগরিক হিসেবেই বসবাস করবে। সংখ্যালঘু বা সংখ্যাগুরু পরিচয় থাকবে না। কোন ভয় ভীতি বা নিরাপত্তাহীনতা কোন সম্প্রদায়ের বসবাসের প্রতিবন্ধকতা হবে না।
কিন্তু “কার্যত দেশের সার্বিক চিত্র একথা বলছে না”। এ কথাটি বিশ্লেষণ এর পূর্বে দেশের সম্প্রদায় ভিত্তিক জনসংখ্যার আনুপাতিক হার বিশ্লেষণ করা যেতে পারে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর ২০২২ সালের জনশুমারি অনুযায়ী প্রাথমিক গণনায় দেশের জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। সমন্বিত জনসংখ্যা প্রায় ১৬ কোটি ৯৮ লাখ ২৯ হাজার। পরিসংখ্যান ব্যুরোর ২০২২ সালের চূড়ান্ত জাতীয় প্রতিবেদনে ধর্মভিত্তিক জনসংখ্যার শতকরা হারে বলা হয়েছে; মুসলিম ৯১.০৮ শতাংশ। অর্থাৎ ১৫ কোটি ৪ লাখ ২২ হাজার ৬০০ জন। হিন্দু ৭.৯৬ শতাংশ অর্থাৎ ১ কোটি ৩১ লাখ ৪৪ হাজার ২০৪ জন। বৌদ্ধ ০.৬ ১ শতাংশ অর্থাৎ ১০ লাখ ১৯৭৪ জন। খ্রিস্টান ০.৩০ শতাংশ অর্থাৎ ৪ লাখ 88 হাজার ৫৩৮জন। অন্যান্য ০. ০৬ শতাংশ অর্থাৎ ১লাখ ১হাজার ২২৫ জন। জনশুমারী ২০২২ এ প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জনসংখ্যা ১৬ লাখ ৫০ হাজার ১৫৯ জন।
জাতিসংঘের world population prospects ২০২৪ এর প্রক্ষেপণ অনুযায়ী ২০২৬ সালের ১ জুলাই বাংলাদেশের জনসংখ্যা আনুমানিক ১৭ কোটি ৭৮ লাখ ১৮ হাজার ৪৪ জন। পরিসংখ্যান ব্যুরোর ২০২২ সালের জনশুমারী অনুযায়ী ৩ পার্বত্য জেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জনসংখ্যা ৯ লাখ ২০ হাজার এবং সমতলের ৫০ টি জাতিগোষ্ঠীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনসংখ্যা ৭ লাখ ৩০ হাজার ২৩০ জন। বিশ্বব্যাংকের মূল্যায়ন অনুযায়ী ২০২৬ সালের ৩০ অক্টোবর পর্যন্ত দেশে দারিদ্র্যের হার ২২.৫ শতাংশ অর্থাৎ প্রায় ৪ কোটি। এবং হতদরিদ্র মানুষ প্রায় ১.৮ কোটি।
অর্থাৎ দেশের প্রায় ১৮ কোটি জনসংখ্যার মধ্যে ধর্মীয় মাইনরিটি সম্প্রদায়ের মানুষ ২ কোটিরও বেশি এবং দরিদ্র, হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ প্রায় ৬ কোটি। অর্থাৎ দেশের ধর্মীয় মাইনরিটি এবং দরিদ্র, হতদরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী মিলে মোট মাইনরিটির সংখ্যা ৮ কোটিরও বেশি।
এই পরিসংখ্যানটি তুলে ধরার যুক্তিসঙ্গত যে কারণ রয়েছে সেটি হল; বাংলাদেশ নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)’র সাথে এ পরিসংখ্যানের যোগসূত্র কি তা তুলে ধরা।
বিএমজেপি’র গঠনতান্ত্রিক সংজ্ঞায় বলা হয়েছে, সংখ্যালঘু অর্থ – ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু যাদের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং পাহাড় ও সমতলের আদিবাসীসহ বিভিন্ন ক্ষুদ্র ও নৃতাত্ত্বিক জাতিগত জনগোষ্ঠী অন্তর্ভুক্ত এবং নির্যাতিত, নিপীড়িত, শোষিত এবং অধিকার বঞ্চিত সকল মানুষ।
অর্থাৎ গঠনতান্ত্রিকভাবে বিএমজেপি শুধু ধর্মীয় সংখ্যালঘুদের নিয়ে গঠিত রাজনৈতিক দল নয় এবং শুধু তাদের নিয়েই রাজনীতি করে না। দেশের যে সকল জনসাধারণ নাগরিক অধিকার বঞ্চিত, শোষিত, নিপীড়িত, নির্যাতিত, দরিদ্র ও সুবিধা বঞ্চিত তারাও সংখ্যালঘু। বিএমজেপি এ সকল সংখ্যালঘুদেরও রাজনৈতিক প্রতিনিধিত্ব করে।
সে অর্থে বিএমজিপি শুধু দেশের ২ কোটিরও বেশি ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নাগরিক অধিকার সুরক্ষার রাজনীতি করে না, দলটি ধর্মীয় সংখ্যালঘু এবং প্রান্তিক সংখ্যালঘুসহ দেশের ৮ কোটি সংখ্যালঘু মানুষের নাগরিক অধিকার আদায়ে প্রত্যক্ষ রাজনৈতিক নেতৃত্ব দিয়ে আসছে।
সাংগঠনিকভাবে বিএমজেপি এবং এ রাজনৈতিক দলটির নেতৃবৃন্দ তাঁদের রাজনৈতিক পথচলায় মোটা দাগে দু’টি চ্যালেঞ্জ মোকাবেলা করছে।
এক) ধর্মীয় সংখ্যালঘু বিশেষ করে সনাতন হিন্দু সম্প্রদায়ের দেশান্তরিত হওয়ার ক্ষেত্রে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ তৈরি করে দেশ ত্যাগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে। দুই) সকল নাগরিক অধিকার বঞ্চিত প্রান্তিক সংখ্যালঘু সম্প্রদায়ের নাগরিক অধিকার আদায়, আইনের শাসন প্রতিষ্ঠা , ন্যায়বিচার নিশ্চিত করাসহ সমধিকারের ক্ষেত্র নিশ্চিত করে যাচ্ছে।
বিষয়টি আরো স্পষ্ট করে ব্যাখ্যার দাবি রাখে। সে অর্থে স্বাধীনতার পূর্ববর্তী সময় অর্থাৎ পাকিস্তান আমল এবং স্বাধীনতার পরবর্তী সময়ে অর্থাৎ বাংলাদেশ আমল এ দু’টি আমলেই এদেশের সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে হিন্দু সম্প্রদায় দেশ ছেড়ে দেশান্তরিত হয়েছে, হচ্ছে। সংখ্যালঘু সম্প্রদায়ের এই দেশান্তরিত হওয়ার পরিসংখ্যানটি পর্যালোচনা করলে অনুধাবণ করা যাবে বিএমজেপি’র রাজনৈতিক চ্যালেঞ্জ কতটা গভীরে।
ঐতিহাসিকভাবে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু জনসংখ্যার পরিবর্তন বা মাইগ্রেশন বুঝতে হলে ১৯৫১, ১৯৬১, ১৯৭৪, ১৯৮১, ১৯৯১, ২০০১, ২০১১ ও ২০২২ সালের জনসংখ্যা ভিত্তিক তথ্য বিশ্লেষণ জরুরী। ১৯৫১ সালে পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তানের মোট জনসংখ্যার ২২ শতাংশ ছিল হিন্দু, ০.৭ শতাংশ বৌদ্ধ, ০.৩ শতাংশ খ্রিস্টান। এই ৩ সংখ্যালঘু সম্প্রদায়ের মোট জনসংখ্যার হার ছিল ২৩ শতাংশ। ১৯৬১ সালে তা কমে হিন্দু ১৮.৫ শতাংশ, বৌদ্ধ ০.৭ শতাংশ এবং খ্রিস্টান ০.৩ শতাংশ হলে তাদের মোট জনসংখ্যা হয় ১৯.৫ শতাংশ। ১৯৭৪ সালে হিন্দু ছিল ১৩.৫ শতাংশ, বৌদ্ধ ০.৬ শতাংশ, খ্রিস্টান ০.৩ শতাংশ। তাদের মোট জনসংখ্যা দাড়ায় ১৪.৪ শতাংশে। ১৯৮১ সালে হিন্দু ১২.১ শতাংশ, বৌদ্ধ ০.৬ শতাংশ, খ্রিষ্টান ০.৩ শতাংশ। তাদের মোট জনসংখ্যা দাঁড়ায় ১৩ শতাংশে। ১৯৯১ সালে হিন্দু ১০.৫ শতাংশ, বৌদ্ধ ০.৬ শতাংশ, খ্রিস্টান ০.৩ শতাংশ। তাদের জনসংখ্যা দাঁড়ায় ১১.৪ শতাংশে।
২০০১ সালে হিন্দু ৯.৩ শতাংশ, বৌদ্ধ ০.৭ শতাংশ, খ্রিস্টান ০.৩ শতাংশ। তাদের মোট জনসংখ্যা দাঁড়ায় ১০.৩ শতাংশে। ২০১১ সালে হিন্দু ৮.৫৪ শতাংশ, বৌদ্ধ ০.৬২ শতাংশ, খ্রিস্টান ০.৩১ শতাংশ। তাদের মোট জনসংখ্যা দাঁড়ায় ৯.৪৭ শতাংশে। ২০২২ সালে হিন্দু ৭.৯৬ শতাংশ, বৌদ্ধ ০.৬ শতাংশ খ্রিস্টান ০.৩০ শতাংশ। তাদের মোট জনসংখ্যা দাঁড়ায় ৮.৮৬ শতাংশে।
এই পরিসংখ্যানটি বিশ্লেষণ করলে দেখা যায় সনাতন হিন্দু সম্প্রদায়ের জনসংখ্যা ক্রমাগতভাবে কমে আসছে। ২২ শতাংশ থেকে কমে ৭.৯৬ শতাংশে এসে পৌছেছে। অর্থাৎ হারিয়ে যাচ্ছে, দেশান্তরিত হচ্ছে। ক্রমাগতভাবে দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ কেন দেশান্তরিত হচ্ছে? বিভিন্ন গবেষণায় দেখা গেছে ১৯৪৭ সালের দেশভাগ, রাজনৈতিক অস্থিরতা, নিরাপত্তাহীনতা, সম্পত্তি সংক্রান্ত বিরোধ এবং অর্থনৈতিক সুযোগের সন্ধানে বিভিন্ন সময়ে হিন্দু সম্প্রদায়ের মানুষ দেশ ছেড়েছে।
উল্লেখিত ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়, নিপীড়িত নির্যাতিত, শোষিত, বঞ্চিত ব্যক্তি ও জাতিগোষ্ঠী সমূহের ধর্মীয়, নাগরিক, অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ বিবেচনায় নিয়ে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি বিএমজেপি’র রাজনৈতিক পথচলা। এ পথ চলায় অংশীদার হতে হবে ধর্মীয় সংখ্যালঘুসহ ব্যক্তি গোষ্ঠী ও পিছিয়ে পড়া প্রান্তিক ৮ কোটি সংখ্যালঘুদের। ঐক্যবদ্ধভাবে তাঁদের বিএমজেপি’র ছায়াতলে আসতে হবে।বিএমজেপিকে কেন্দ্র করে সৃষ্টি করতে হবে এপেক্স বডি। স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন এবং নাগরিক অধিকার আদায়ে সচেতন হতে হবে। সংখ্যালঘু জাতি গোষ্ঠী সমূহের স্মরণ রাখতে হবে, নানা কারণে রাষ্ট্র তাদের অধিকার সুরক্ষায় এগিয়ে আসতে নাও পারে ধরে নিতে হবে আসবে না । সেক্ষেত্রে তাঁদেরকই ঐক্যবদ্ধ শক্তি প্রদর্শন করে রাষ্ট্রের কাছ থেকে অধিকার আদায় করে নিতে হবে। তাঁরা যত দ্রুত সময়ে একই ছাতার নীচে ঐক্যবদ্ধ হতে পারবে, তাঁদের সমস্বরিত আওয়াজ রাষ্ট্রের কাছে পৌঁছাতে পারবে, তত দ্রুত সময়েই নিরাপত্তা ও সুরক্ষার মধ্য দিয়ে কাঙ্খিত নাগরিক অধিকার আদায়ে তাঁরা সফল হতে পারবে । বিশ্বঐক্যতাবাদ ও স্বমন্বীত মানবতাবাদ এর জয় হোক।
লেখক: সাংবাদিক ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব,
বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)